ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বহুল আলোচিত সাড়ে ২৩ কেজি 'হেরোইন' পাচার মামলায় অভিযুক্ত দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড, দুইলাখ টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরো পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
তবে রায়ে বিচারক বলেছেন, হেরোইন পাচারের মামলা হলেও বিচার হয়েছে কোডিন পাচারের অপরাধে।
সোমবার দুপুর দেড়টায় ঢাকার দুই নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক এ এইচ এম মুশতাক আহমেদ এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তি হলেন হবিগঞ্জ জেলার মাধবপুর থানার হাসিনাবাদ গ্রামের মাদক বিক্রেতা আরিফুল ইসলাম ভূঁইয়া এবং রাজধানীর শান্তিনগরের ১০৫, প্যারাডাইজ হাফসা গার্ডেনের মাহমুদ আলী কফিল।
মামলার বাদি হলেন জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস ইন্সপেক্টর ছায়েদুল ইসলাম। মামলাটির তদন্ত করেন র্যাব-১ এর উপ পরিদর্শক মো: জাহাঙ্গীর হোসেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেছেন বিশেষ পাবলিক প্রসিকিউটর আব্দুল লতিফ তালুকদার। আসামি পক্ষের আইনজীবী হলেন অ্যাডভোকেট গোলাম মোস্তফা খান, সিরাজুল রহমান মন্টু এবং ফজলুর রহমান দুলাল।
গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হোরোইন পাচারকারী হিসেবে এ মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়নি। বরং অভিযোগ গঠন করা হয়েছে 'কোডিন' নামক মাদকদ্রব্য পাচারকারী হিসবে।"
তিনি আরো বলেন,"এ মামলায় হাইকোর্ট থেকে অবশ্যই আমরা খালাস পাব।"
রায়ে বিচারক বলেন, "হেরোইন পাচারের অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছিল। কিন্তু পরে রাসায়নিক পরীক্ষায় প্রমাণিত হয়, এটি হেরোইন নয় কোডিন। তাই কোডিনের মামলা হিসেবে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠন ও বিচার করা হয়েছে।"
গত বছরের ১২ নভেম্বর জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্ক কর্তৃপক্ষ সাড়ে ২৩ কেজি হেরোইন সদৃশ দ্রব্য চীনে পাচারের সময় অভিযুক্ত দুইজনকে আটক করে।
তারা ওই 'হেরোইন' পাচার করার জন্য চায়না ইস্টার্ন এয়ারলাইন্সে করে চীনে যাওয়ার চেষ্টা করছিল বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এফএফ/জিএনএ/১৪২১ ঘ.
bdnews24