ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বেতন কমিশনের সদস্য সচিব হিসেবে রোববার প্রেষণে নিয়োগ পেয়েছেন যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক ও রেলপথ বিভাগের যুগ্ম-সচিব হাসান ইমাম। একইসঙ্গে প্রশাসনের যুগ্ম-সচিব ও উপ সচিব পর্যায়ের আরও ছয় কর্মকর্তা পদে রদবদল করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয় এসব বদলির আদেশ দেয়।
যুগ্ম-সচিব পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) পরিচালক খন্দকার ইফতেখার হায়দারকে সড়ক ও রেলপথ বিভাগের যুগ্ম-সচিব হিসেবে বদলি করা হয়েছে এবং ওএসডি যুগ্ম-সচিব প্রকাশ চন্দ্র দাসকে বিসিকের পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
ন্যাশনাল ডিফেন্স কলেজের সিনিয়র ডাইরেক্টিং স্টাফ (সিভিল) এম আব্দুজ জাহেরকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। ন্যাশনাল ডিফেন্স কলেজের এনডিসি কোর্সে প্রশিক্ষণরত ওএসডি যুগ্ম-সচিব এএফএম নূরুস সাফা চৌধুরীকে সিনিয়র ডাইরেক্টিং স্টাফ (সিভিল) হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপ-সচিব আলীম উদ্দিন আহমেদ ও সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপ-সচিব মঈনুল ইসলামকে প্রেষণে জাতীয় বেতন কমিশনের উপ-সচিব নিয়োগের জন্য তাদের চাকরি অর্থ বিভাগে ন্যস্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিএইচ/এসকে/২১১০ঘ.
bdnews24