২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিটারে যাত্রী পরিবহন না করায় চট্টগ্রামে ১৫৪টি অটোরিকশা আটক

মিটারে নির্ধারিত ভাড়ায় যাত্রী পরিবহন না করায় চট্টগ্রাম নগরীতে ১৫৪টি সিএনজি চালিত অটোরিকশা আটক করা হয়েছে। একই কারণে মামলা হয়েছে ৪২৫টি অটোরিকশার বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2008, 01:54 PM

Updated : 26 Aug 2022, 02:22 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম) - মিটারে নির্ধারিত ভাড়ায় যাত্রী পরিবহন না করায় চট্টগ্রাম নগরীতে ১৫৪টি সিএনজি চালিত অটোরিকশা আটক করা হয়েছে। একই কারণে মামলা হয়েছে ৪২৫টি অটোরিকশার বিরুদ্ধে। রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ ব্যবস্থা নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগ। সিএমপির উপ কমিশনার (ট্রাফিক) মাহমুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নগরীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে ভাড়ায় চালিত সিএনজি অটোরিকশা মিটারে যাত্রী পরিবহন করছে কি না তা পরীক্ষা করা হচ্ছে।" তিনি জানান, নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া একই দিন রাস্তায় দাঁড়িয়ে থেকে যানজট সৃষ্টির দায়ে পাঁচটি যাত্রীবাহী বাস এবং একটি কাভার্ড ভ্যানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান। তিনি বলেন, "অটোরিকশার বিরুদ্ধে প্রতিদিন অভিযান চলবে।" চলতি বছর জানুয়ারিতেও ট্রাফিক বিভাগ মিটারে নির্ধারিত ভাড়ায় না চালানো সিএনজি অটোরিকশার বিরুদ্ধে অভিযোন চালিয়েছিল। অভিযানের পর চালকরা আবার মিটারে নির্ধারিত ভাড়ার পরিবর্তে চুক্তির ভিত্তিতে যাত্রী পরিবহন শুরু করে। সিএমপির পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান দায়িত্ব গ্রহণের পর গত ৮ সেপ্টেম্বর সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে মিটারে না চালানো অটোরিকশার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ট্রাফিক বিভাগকে নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে রোববার থেকে নগরীতে আবার এই অভিযান শুরু হল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/কিউএইচ/এমএসবি/১৯৪৫ ঘ.