বান্দরবান, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বান্দরবানের লামা উপজেলায় ইটভাটার জন্য নির্বিচারে পাহাড় কাটা চলছে।
লামার ছাগলখাইয়া এলাকায় মো. সফি ওরফে সফি মিস্ত্রী নামে এক ব্যক্তি তার ইটভাটার জন্য অন্তত দু'সপ্তাহ ধরে বুলডোজার দিয়ে পাহাড় কাটছেন।
প্রশাসনের কর্মকর্তারা বলছেন তারা এ ব্যাপারে কিছু জানেন না। পাহাড় কাটার প্রমাণ পেলে ব্যবস্থা নেবেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, সফি মিস্ত্রী ছাগলখাইয়া এলাকায় লামা-আলীকদম প্রধান সড়কের পাশে গড়ে তুলেছেন এ ইটভাটা। এর মধ্যে ইটভাটার জন্য পার্শ্ববর্তী একটি পাহাড় তিন দিক থেকে কাটা হয়েছে।
এছাড়া ইটভাটার কাজে পানির যোগানের জন্য মৎস্য খামারের নামে সফি মিস্ত্রী পাহাড় কেটে বাঁধ নির্মাণ করেছেন।
লামার স্থানীয় সাংবাদিক কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সফি মিস্ত্রী ১৫/১৬ বছর আগে বিশাল এই ইটভাটাটি তৈরি করেন। সে থেকে আস্তে আস্তে ইটভাটার পার্শ্ববর্তী কয়েকটি পাহাড় কেটে সাবাড় করা হয়েছে। এখনও বুলডোজার দিয়ে পাহাড় কাটা চলছে।"
স্থানীয় বাসিন্দা আবদুল জলিল বলেন, "প্রায় ২০ বছর আগে এ ইটভাটার স্থানে ছিল কিছু ধানী জমি, পাহাড় আর ৮/১০টি পরিবারের ভিটেমাটি। সফি মিস্ত্রী বিভিন্ন কৌশলে এ জায়গা দখলে নিয়ে এবং পাহাড় কেটে ইটভাটা বানিয়েছেন।"
আজিজুল হক নামে আরেকজন বাসিন্দা বলেন, "গত ১৫/২০ দিন ধরে বুলডোজার দিয়ে পাহাড় কাটা চলছে।"
তবে কে পাহাড় কাটছে তার নাম বলতে অস্বীকৃতি জানান তিনি।
ইটভাটার পাশে বসবাসকারী হজ্জনা বিবি জানান, প্রতিদিন বুলডোজার দিয়ে পাহাড় কাটা হচ্ছে। তার বাড়ির একাংশও কেটে ফেলা হয়েছে।
ইটভাটা তদারকির দায়িত্বে থাকা সফি মিস্ত্রীর ছেলে খোরশেদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মৎস্য খামারের জন্য বাঁধ দিতে পাহাড়ের সামান্য কেটেছি।"
তার দাবি, পরিবেশের 'সামান্য' ক্ষতি করলেও তারা লামা ও আলীকদম এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে ভূমিকা রাখছেন।
তবে কি কি উন্নয়ন কাজ করেছেন এ প্রশ্ন করলে খোরশেদ কোন জবাব দেননি।
এ বিষয়ে সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান খান সাংবাদিকদের বলেছিলেন, পাহাড় কাটার বিষয়টি তার জানা নেই। কেউ অভিযোগও করেনি। তবে পাহাড় কাটার প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭২৩ ঘ.
bdnews24