২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও তিনজনকে প্রফেসর এমিরেটাস পদবির সুপারিশ

শিক্ষা ও গবেষণায় অবদানের স্বীকৃতি হিসেবে আরও তিন শিক্ষককে সম্মানসুচক প্রফেসর এমিরেটাস পদবি দেওয়ার জন্য সুপারিশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2008, 03:03 PM

Updated : 26 Aug 2022, 02:21 PM

ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শিক্ষা ও গবেষণায় অবদানের স্বীকৃতি হিসেবে আরও তিন শিক্ষককে সম্মানসুচক প্রফেসর এমিরেটাস পদবি দেওয়ার জন্য সুপারিশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিল। শিক্ষকরা হলেন- দর্শন বিভাগের (অনারারি) অধ্যাপক আব্দুল মতীন, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক নাজমা চৌধুরী এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের স্পেশাল এডুকেশন বিভাগের প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত অধ্যাপক সুলতানা সরোয়াত আরা জামান। বুধবার উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলে এ সুপারিশ করা হয়। বৃহস্পতিবার উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শনিবারের সিন্ডিকেট সভায় এই তিন অধ্যাপককে প্রফেসর এমিরেটাস করার বিষয়টি চূড়ান্ত করা হবে। শিক্ষা ও গবেষণায় অবদানের জন্যে তাদের এ সম্মান দেওয়া হচ্ছে।" এর আগে গত ১৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ সাবেক শিক্ষককে 'প্রফেসর এমিরিটাস' পদবি দেয়ার সুপারিশ করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল। ২৪ জুন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় আনুষ্ঠানিকভাবে তাদের এ পদবি দেওয়া হয়। ওই পাঁচ শিক্ষক হলেন- ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এ টি এম আনিসুজ্জামান, চারুকলা ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত অধ্যাপক মোহাম্মদ কিবরিয়া, রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক সৈয়দ জহির হায়দার ও প্রাণিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক কাজী জাকের হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী, শিক্ষকতা ও গবেষণার ক্ষেত্রে অনন্যসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অবসরপ্রাপ্ত অধ্যাপকদের 'প্রফেসর এমিরিটাস' পদবিতে ভূষিত করা হয়। এর আগে ১৯৮৪ সালে রসায়ন বিভাগের সাবেক অধ্যাপক ড. মফিজউদ্দীন আহমদ ও ফার্মেসি বিভাগের সাবেক অধ্যাপক ড. আব্দুল জব্বারকে এ উপাধি দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/টিএইচ/এমএইচবি/২০৪৫ ঘ.