ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইস্টার্ন হাউজিংয়ের কবল থেকে রাজধানীর বাড্ডার সুতিভোলা খালটি উদ্ধার করে একে সচল করার কার্যক্রম বৃহস্পতিবার শুরু হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), ঢাকা ওয়াসা ও নৌবাহিনী যৌথভাবে সকাল থেকে এ খাল উদ্ধার শুরু করে।
বেগুনবাড়ি ও শাহজাদপুর খালের মধ্যে সংযোগ স্থাপনকারী ৬০ ফুট প্রশস্ত এই খালটি ২০০২ সালে ইস্টার্ন হাউজিং প্রকল্প দখল করে নেয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ঢাকা ওয়াসার এমডি রায়হানুল আবেদিন।
উদ্ধার অভিযান চলার সময় তিনি বলেন, "ইস্টার্ন হাউজিং তাদের আফতাব নগর প্রকল্প বাস্তবায়নের সময় ২০০২ সালে খালটি ভরাট করে এর ওপর দিয়ে রাস্তা নির্মাণ করে। এটি উদ্ধার করে দুটি খালের মধ্যে সংযোগ স্থাপন করা হলে ঢাকার জলাবদ্ধতা অনেকটা কমানো যাবে।"
তিনি দাবি করেন, "অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ঢাকা শহরের ২৬টি খালই সচল করা হয়েছে।"
বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মো. আব্দুল মান্নান আশা করছেন, আগামী ১৫দিনের সুতিভোলা খালটি কেটে কেটে সচল করা যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি "ঢাকা শহরের চারপাশে নৌপথ চলাচল প্রকল্পের দিতীয় ধাপের কাজ এটি। প্রথম ধাপে সদরঘাট থেকে আশুলিয়া পর্যন্ত নদীর ধারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।"
বিআইডব্লিউটিএর প্রধান প্রকৌশলী আবুল কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকার পুর্বাঞ্চলে বেগুনবাড়ি, শাহজাদপুর ও গোবিন্দপুর মিলে ২৪ কিলোমিটার খাল রয়েছে। সুতিভোলা খালের মাধ্যমে বেগুনবাড়ির খালের পানি শাহজাদপুর এবং শাহাজাদপুরের পানি গোবিন্দপুর খাল হয়ে বালু নদীতে গিয়ে পড়বে।"
তিনি জানান, সুতিভোলা খালের প্রায় ৮০০ মিটার অবৈধ দখলদারিত্বের কবল থেকে উদ্ধার করা ছাড়াও পাশাপাশি দুইটি নৌকা চলচলের উপযোগী করে খালটি খনন করা হবে। এছাড়া প্রায় আট কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের আওতায় বাকি তিনটি খালের ১০ কিলোমিটার সংস্কার করা হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমএইচবি/২০২৯ ঘ.
bdnews24