বাগেরহাট, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাটের সিডর বিধ্বস্ত সাউথখালী এলাকায় গৃহ নির্মাণের জন্য সৌদি সরকারের দেওয়া টিন, খুঁটি ও কাঠ চুরির ঘটনায় একটি মামলা হয়েছে।
এসব সামগ্রী সরবরাহ ও বিতরণের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের দাযের করা মামলার অভিযোগে বলেছে, প্রায় ২৬ লাখ টাকার সামগ্রী চুরি গেছে। এর মধ্যে দুই লাখ টাকার মাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
বৃহস্পতিবার সকালে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রুমি এন্টারপ্রাইজের প্রকল্প ব্যবস্থাপক মো. আলমগীর হোসেন শরণখোলা থানায় মামলাটি করেন।
মামলায় ২০ জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে ১৫ জন ঠিকাদারের মজুদকৃত সামগ্রী রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত ছিলেন।
এ বছর আগস্টের প্রথম সপ্তাহে সাউথখালী ইউনিয়নে চার হাজার ঘর তৈরির জন্য ত্রাণ হিসেবে সৌদি সরকারের দেওয়া টিন, খুঁটি ও কাঠ সরবরাহ করে। প্রতিটি ঘরের জন্য বরাদ্দ ৪১টি টিন, ২১ ঘনফুট কাঠ ও আটটি করে কংক্রিটের খুঁটি। এসব সামগ্রী সরবরাহের কাজ শেষ হয় গত সপ্তাহে (৬ সেপ্টেম্বর)।
এসব নির্মাণসামগ্রী ইউনিয়নের গাবতলা, তেরাবেকা, বান্ধাঘাট ও শরণখোলা গ্রামের বেড়ী বাঁধের উপর কয়েক কিলোমিটার এলাকা জুড়ে মজুদ এবং সেখান থেকে বিতরণ করা হয়।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়েম উদ্দিন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সৌদি সরকারের দেওয়া গৃহ নির্মাণসামগ্রী চুরির ঘটনায় সকালে একটি মামলা হয়েছে। তবে কোন আসামি গ্রেপ্তার হয়নি।
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রুমি এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী খলিলুর রহমান জানান, উপযুক্ত স্থানের অভাবে বেড়ীবাঁধে উন্মুক্ত অবস্থায় তারা এ সব মালামাল রেখে বিতরণ করতে বাধ্য হয়েছিলেন। তবে মাল রক্ষায় ওই গ্রামের কয়েকজনকে পাহাদার নিয়োগ করা হয়।
তার দাবি, বিভিন্ন সময়ে প্রায় ২৬ লাখ টাকার মাল চুরি হয়েছে। বিতরণ শেষ হওয়ার পর চুরি যাওয়া সামগ্রীর পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।
ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকল্প ব্যবস্থাপক মো. আলমগীর হোসেন জানান, তাদের নিয়োগকৃত ১৫ ব্যক্তিকে এবং বিভিন্ন সময় পুলিশ ও ঠিকাদারের তৎপরতায় যে পাঁচ ব্যক্তির বাড়ি থেকে টিনসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে মামলায় তাদের সবাইকে আসামি করা হয়েছে।
তিনি এজাহারের উদ্ধৃতি দিয়ে জানান, আসামিরা পরস্পর যোগসাজসে দুই হাজার ১৫০ পিস টিন, ৩০০টি কংক্রিটের খুঁটি এবং প্রায় ৬৫৩ ঘনফুট কাঠ চুরি করেছে। এ সব সামগ্রীর বাজার মূল্য প্রায় ২৬ লাখ টাকা। এর মধ্যে প্রায় দুই লাখ বিশ হাজার টাকা দামের আড়াইশ' পিস টিন ও ১২টি খুঁটি উদ্ধার করা সম্ভব হয়েছে।
গত ২৫ আগস্ট চুরি যাওয়া ৫৮টি টিন উত্তর সাউথখালী গ্রামের মৃত সাঈদুর রহমানের পুকুর থেকে উদ্ধার করেছিল পুলিশ।
এর আগে রায়েন্দা ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামের রুহুল আমিন মীরের বাড়িতে মাটির নিচে পুতে রাখা ৪১ টি ঢেউ টিন ও পুকুরে ডুবিয়ে রাখা আটটি কংক্রিটের খুঁটি উদ্ধার করা হয়।
ওই সময় ছয়দিনে বিভিন্ন স্থান থেকে ১৯৪টি টিন উদ্ধার করা হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৮ ঘ.
bdnews24