চট্টগ্রাম, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বৃহস্পতিবার বিকালে বজ্রপাতে স্বামী ও স্ত্রী নিহত এবং আরও দুজন আহত হয়েছেন।
নিহতরা হলেন- আবদুল ছবুর (৩৫) ও তার স্ত্রী রুবি আক্তার (২৪)। এদের বাড়ি উপজেলার ঢেমশা ইউনিয়নের হাজারীখিল হাঙরকুল গ্রামে।
স্থানীয় একজন সাংবাদিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাজারীখিল হাঙরকুল গ্রামের কয়েকজন নারী-পুরুষ বিকাল চারটার দিকে একটি চাল কলে ধান ভাঙার কাজ করছিলেন।
বজ্রপাতে ছবুর ও তার স্ত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত হয়েছেন তাদের প্রতিবেশী ছবুরা খাতুন (৪০) ও বুলু আক্তার (৪২)।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী আব্দুল ওয়াদুদ দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ হস্তান্তর করা হয়েছে তাদের আত্মীয় স্বজনের কাছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/১৯৩০ ঘ.
bdnews24