২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যপাড়া গ্রানাইট খনির বাংলাদেশি শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

মহার্ঘ্য ভাতাসহ পাঁচ দফা দাবিতে দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডে কর্মরত বাংলাদেশি শ্রমিকরা বুধবার অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2008, 03:49 PM

Updated : 26 Aug 2022, 02:21 PM

দিনাজপুর, সেপ্টম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহার্ঘ্য ভাতাসহ পাঁচ দফা দাবিতে দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডে কর্মরত বাংলাদেশি শ্রমিকরা বুধবার অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। কোরীয় এ কোম্পানিতে কর্মরতদের মধ্যে কোরিয়ার নাগরিকও আছেন। এর মধ্যে আন্দোলনকারী ২৮৪ জন বাংলাদেশি শ্রমিক খনির ভূগর্ভে কাজ করে থাকেন। তাদের পাঁচদফা দাবি হলো- ২০ ভাগ মহার্ঘ্য ভাতা, যাতায়াত ভাতা, খনি ভাতা, বার্ষিক ছুটি ১৫ দিনের পরিবর্তে ২৪ দিন এবং ভবিষ্য তহবিল (প্রভিডেন্ট ফান্ড) গঠন। এ ব্যাপারে কোম্পানির উপ মহাব্যবস্থাপক মীর মো. আব্দুল হান্নান সাংবাদিকদের জানান, শ্রমিকরা বুধবার সকাল থেকে কর্মবিরতি শুরু করেছে। এর বেশি কিছু জানাতে তিনি অপারগতা প্রকাশ করেন। আন্দোলনকারী শ্রমিক মোস্তাফিজুর রহমান, নুরনবী ও মশিউর রহমানসহ অন্যরা অভিযোগ করেন, কর্তৃপক্ষকে এর আগে তাদের দাবির পূরণের জন্য বার বার বলা হলেও কেউ কর্ণপাত না করায় অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করতে হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১০৪ ঘ.