ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘ সাত বছর পর অর্থ মন্ত্রণালয় জাতীয় এসিড নিয়ন্ত্রণ কাউন্সিলের জন্য দুই কোটি টাকার তহবিল বরাদ্দ ও ছাড় করেছে।
অনেক এসিড অপরাধীর আইনের হাত থেকে রেহাই পেয়ে যাওয়ার বিষয় সভায় আলোচিত হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা এমএ মতিন বলেছেন, এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য তদন্ত সংশ্লিষ্ট সংস্থা ও কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
বরাদ্দ পাওয়া দুই কোটি টাকা এসিড অপরাধ প্রবণ জেলাগুলোতে আক্রান্ত রোগীদের চিকিৎসা, পুনর্বাসন ও আইনী সহায়তার জন্য ব্যয় করা হবে বলে জানিয়েছেন এসিড নিয়ন্ত্রণ কাউন্সিলের সভাপতি স্বরাষ্ট্র উপদেষ্টা।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় এসিড নিয়ন্ত্রণ কাউন্সিলের ১৮তম সভা শেষে উপদেষ্টা সাংবাদিকদের একথা জানান।
উপদেষ্টা এমএ মতিন বলেন, বরাদ্দকৃত অর্থ জেলা পর্যায়ে এসিড আক্রান্তদের জন্য ব্যয় করা হবে। এসিড আক্রান্তদের নিয়ে কর্মরত বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার মাধ্যমে এ অর্থ ব্যয় করা হবে।
সভায় জানানো হয়, ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত ছয় বছরে দেশের বিভিন্ন স্থানে এক হাজার ৪২৮টি এসিড সন্ত্রাসের মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে প্রায় অর্ধেক (৫৭৭ টি) মামলাই পুলিশি তদন্তে প্রমাণিত না হওয়ায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে।
পুলিশ অভিযোগপত্র দেওয়ার পর আদালতে বিচারের জন্য পাঠানো ৮৫১টি মামলার মধ্যে এ পর্যন্ত মাত্র ১৯০টি মামলায় ২৫৪ জন আসামীর দণ্ড হয়েছে। প্রমাণিত না হওয়ায় ৩২৯টি মামলায় এক হাজার ৫৯৮ জন আসামী খালাস পেয়েছে। বাকী ৩৩২টি মামলা এখনো বিচারাধীন।
এ ব্যাপারে উপদেষ্টা এমএ মতিন বলেন, "সভায় এ বিষয়টি আলোচিত হয়েছে। এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য তদন্ত সংশ্লিষ্ট সংস্থা ও কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। এসব মামলা তদন্তের ক্ষেত্রে দক্ষতা প্রদর্শনে সংশ্লিষ্টদের বলা হয়েছে।"
এছাড়াও আগামী একমাসের মধ্যে জেলা পর্যায়ে এসিড ব্যবহারকারীদের তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানোর জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়টি যথাযথভাবে তদারক করার জন্য বিভাগীয় কমিশনারদের প্রতি তাগিদ দেওয়া হয়।
সভায় দেশের বিভিন্ন স্থানে গড়ে ওঠা এসিড আক্রান্তদের চিকিৎসা কেন্দ্রের তালিকা প্রণয়নের জন্য স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র সচিব আবদুল করিম, আইন সচিব কাজী হাবিবুল আওয়াল, বাণিজ্য সচিব ফিরোজ আহমেদ, সমাজকল্যাণ সচিব দেওয়ান জাকির হোসাইন ও বেসরকারি সংস্থা এসিড সার্ভাইভার্স ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মুনিরা খানসহ কাউন্সিলের সদস্য এবং বিভিন্ন তদন্তকারী সংস্থার প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২০৫৬ঘ.
bdnews24