চট্টগ্রাম, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নগরীর শাহ আমানত সেতু এলাকায় কর্ণফুলী নদীতে বুধবার ভোরে ১২৯ বস্তা ইউরিয়া সারসহ একটি ইঞ্জিত চালিত নৌকা আটক করেছে উপকূলরক্ষী বাহিনী (কোস্টগার্ড)।
তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
কোস্টগার্ডের লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর সাড়ে চারটার দিকে কোস্টগার্ড সদস্যরা শাহ আমানত সেতু এলাকায় কর্ণফুলী নদীতে একটি সন্দেহজনক ইঞ্জিত চালিত নৌকাকে থামার নির্দেশ দেন। তখন চোরকারবারীরা নৌকাটিকে দ্রুত তীরে ভিড়িয়ে পালিয়ে যায়।
কোস্টগার্ড সদস্যরা বোট থেকে ১২৯ বস্তা ইউরিয়া সার উদ্ধার করেছেন।
তিনি জানান, জব্দ করা সারের আনুমানিক বাজার মূল্য সাতাত্তর হাজার টাকা এবং নৌকাটির দাম প্রায় দেড় লাখ টাকা।
এসব সার মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে কোস্টগার্ড প্রাথমিকভাবে ধারণা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/এমএসবি/১৯১০ ঘ.
bdnews24