ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি)- যুক্তরাজ্যে যেসব পেশায় দক্ষ জনশক্তির অভাব রয়েছে সেসব পেশার একটি তালিকা প্রকাশ করা হয়েছে।
সংশ্লিষ্ট মন্ত্রীরা ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে জনশক্তি এনে পূরণ করা যায় এমন কোন ধরনের কাজের জন্য দক্ষ লোকের সঙ্কট রয়েছে তা জানানোর জন্য নির্দেশ দিয়েছিল অভিবাসন পরামর্শক কমিটিকে (এমএসি)।
দৃশ্যত বাংলাদেশের মতো ইউরোপীয় ইউনিয়ন বহির্ভূূত সকল দেশকে প্রভাবিত করবে এ প্রস্তাবিত তালিকা।
প্রকাশিত খসড়া তালিকায় উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে দক্ষ নার্স, পরামর্শক, কিছু প্রকৌশলী এবং গণিত ও ইংরেজির জন্য শিক্ষকের মতো বিভিন্ন পেশা।
আগামী মাসের মধ্যেই চূড়ান্ত তালিকা প্রকাশ করার জানিয়েছেন যুক্তরাজ্যের একজন জুনিয়র স্বরাষ্ট্রমন্ত্রী টনি ম্যাকনাল্টি।
তিনি বলেন, "মোটের ওপর এমএসি'র তালিকা ঠিক বলেই মনে হচ্ছে। তবে আমরা এর ওপর আরও বিশদ নিরীক্ষা চালাতে চাই।"
এই তালিকা সরকারের নতুন পয়েন্টভিত্তিক অভিবাসন পদ্ধতির অংশ হিসেবে ব্যবহার করা হবে বলেও জানান তিনি। ব্রিটিশ ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর কর্মীর প্রয়োজন মেটাতে ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে লোক নেওয়ার বিষয়টির ব্যবস্থাপনা আরও সুষ্ঠু করাই হবে এর লক্ষ্য।
এমএসি-র চেয়ারম্যান অধ্যাপক ডেভিড মেটকাফ এই অভিবাসনের জন্য তিনটি বিষয়ের কথা উল্লেখ করে বলেন, "ইউরোপের বাইরের দেশ থেকে লোক নিয়োগের ক্ষেত্রে নিয়োগদাতাকে তিনটি বিষয় পরিস্কার করতে হবে।"
তিনি বলেন, "প্রথমত, কাজটি হতে হবে দক্ষতা নির্ভর। দ্বিতীয়ত, কাজটির জন্য যুক্তরাজ্যে লোকের অভাব থাকা চাই ও তৃতীয়ত, এবং হয়তো সবচেয়ে জরুরি বিষয় হলো নতুন কর্মী আনার বিষয়টি যৌক্তিক হতে হবে।"
এমএসি চেয়ারম্যান এ প্রসঙ্গে বলেন, উপস্থিত সমস্যা থেকে উত্তরণে স্বল্প মেয়াদে অভিবাসন এবং দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার জন্য দীর্ঘ মেয়াদি পরিকল্পনার মধ্যে যে দ্বন্দ্ব রয়েছে তা বিবেচনা করতে হবে।
তালিকা অনুযায়ী, যুক্তরাজ্যে এখনো গণিত ও বিজ্ঞানের শিক্ষকের প্রয়োজন হবে। তবে মাধ্যমিক পর্যায়ের অন্যান্য বিষয়ের শিক্ষক আনা বর্তমানে সম্ভব হলেও এক্ষেত্রে বিধিনিষেধ আরোপ হবে।
এ ছাড়াও তালিকা অনুযায়ী ইইউ এর বাইরের দেশ থেকে ধাত্রী, সমাজকর্মী এবং তথ্য প্রযুক্তিবিদদের প্রয়োজন হবে না দেশটিতে ।
এ বছরের শেষের দিকে সেবাধর্মী কাজের সঙ্গে সম্পৃক্তদের অভিবাসনের সুযোগ আসবে। তবে এক্ষেত্রে যারা প্রতিঘণ্টায় অন্তত ৮ দশমিক ৮ পাউন্ড বেতন পাবে কেবল তাদেরকেই সুযোগ দেওয়া হবে। যুক্তরাজ্যের বেশিরভাগ কেয়ার হোম মালিকই এ বেতন দিতে সক্ষম হবেন না।
দক্ষ কর্মীর অভাবের কারণে বিদেশ থেকে জাহাজ, হোভারক্র্যাফট কর্মচারী এবং ঘোড়দৌড় প্রশিক্ষকও যুক্তরাজ্যে যেতে পারবেন।
এ ছাড়া দেশটিতে দক্ষ বাবুর্চি, পুরকৌশল ও কেমিকেল ইঞ্জিনিয়ার এবং পশু চিকিৎসক ছাড়াও সম্পদের উন্নয়ন ও নির্মাণ কাজের জন্য জরিপকারী এবং প্রকল্প ব্যবস্থাপকেরও প্রয়োজন রয়েছে।
এমএসি'র প্রণীত তালিকায় সেবা ও নির্মাণ শিল্প সংশ্লিষ্ট আরও কিছু পেশার নাম থাকলেও চূড়ান্ত তালিকা থেকে তা ছেটে ফেলা হয়েছে।
গত রোববার সর্বদলীয় সাংসদদের একটি গ্র"প অভিবাসনে ভারসাম্য বজায় রাখতে এবং বিদেশি শ্রমিকদের অবস্থান চার বছরে সীমিত রাখতে আহ্বান জানায়। গ্র"পটি বলেছে, ২০৩১ সাল নাগাদ অতিরিক্ত ৭০ লাখ বিদেশি যুক্তরাজ্যে অভিবাসিত হতে পারে বলে যে পূর্বাভাস দেওয়া হয়েছে তা সামলানোর ক্ষমতা দেশটির নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এসকে/২২০০ঘ.
bdnews24