সাভার, ৯ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সাভারের নরসিংহপুর এলাকার একটি পোশাক কারখানার নয় শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদের গ্রেপ্তারের ঘটনায় ব্রিটিশ নাগরিকের মালিকানাধীন এস-২১ নামের কারখানাটির শ্রমিকরা বিক্ষোভ করার পর কর্তৃপক্ষ আধ বেলা ছুটি ঘোষণা করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- তপন ইসলাম (২৩), মনির হোসেন (২২), জহির (২৪), জামাল হোসেন (২৩), সোহেল রানা (২২), ওমর ফারুক (২৫), মানিক মিয়া (২৫), মো. ফারুক (২৭) ও আবু সাঈদ (২২)।
আশুলিয়া থানার উপ পরিদর্শক (পিএসআই) গোলাম মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর একটার দিকে কারখানার ভিতর বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।
গত ২৩ আগষ্ট সন্ধ্যায় কারখানায় ভাংচুরের ঘটনায় করা মামলায় তারা আসামি। গ্রেপ্তারকৃতদের বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এস-২১ কারখানার মহাব্যবস্থাপক (জিএম) মো. নাদিম জানান, গ্রেপ্তারকৃত শ্রমিকরা কারখানার ভিতর অন্যান্য শ্রমিকদের নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে তাদের গ্রেপ্তার করে।
এছাড়া শ্রমিক গ্রেপ্তারের খবরে অন্যান্য শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে উঠলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বাড়তি সতর্কতা হিসেবে কারখানা আধ বেলা ছুটি ঘোষণা করা হয়।
বুধবার যথারীতি কারখানায় স্বাভাবিক কাজকর্ম চলবে বলে মো. নাদিম জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২০২২ ঘ.
bdnews24