নাটোর, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রতারণার মাধ্যমে সদস্যদের টাকা আত্মসাতের অভিযোগ গ্রেপ্তার নাটোরের বেসরকারি প্রতিষ্ঠান ফ্রিডম উন্নয়ন সংস্থার (বর্তমানে বিলুপ্ত) নির্বাহী পরিচালক ইসাহাক আলী ও সভাপতি আলী হোসেনের বিরুদ্ধে ১১০টি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মঙ্গলবার সাত দিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে আরও ১০ দিনের রিমান্ডের আবেদন জানান নাটোর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক আচানুল কবির। সদর থানার একটি প্রতারণার মামলায় এ রিমান্ড চাওয়া হয়।
রিমান্ড আবেদনে তিনি জানান, আসামিদের বিরুদ্ধে কয়েকশ মামলা দায়ের হলেও এর মধ্যে এ পর্যন্ত ১১০টি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে।
ফ্রিডম উন্নয়ন সংস্থার প্রতারণার সঙ্গে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাদের কোনো যোগসূত্র আছে কি না তা জিজ্ঞাসাবাদে খতিয়ে দেখা হবে বলেও রিমান্ড আবেদনে জানানো হয়।
নাটোরের মুখ্য বিচার বিভাগীয় হাকিম মোহাম্মদ শরীফ উদ্দিন আগামী রোববার রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করেছেন।
সাত দিন রিমান্ড শেষে মঙ্গলবার নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনছার আলী আদালতে লিখিত প্রতিবেদনে দাখিল করেন।
প্রতিবেদনে তিনি জানান, জিজ্ঞাসাবাদে এ দুজনের কাছে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে এসব তথ্য প্রকাশ করা হয়নি।
ফ্রিডমের মালিক ইসাহাক আলীর পক্ষে বুধবার সন্ধ্যায় একটি সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে বলে জানান তার আইনজীবী আব্দুল কাদের।
ওই সংবাদ সম্মেলনে তার নিকট আত্মীয়স্বজনরা ফ্রিডম উন্নয়ন সংস্থার বিগত দিনের কর্মকাণ্ড সম্পর্কে সাংবাদিকদের অবহিত করবেন বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০০৪ ঘ.
bdnews24