২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ভারতীয় শাড়ি উদ্ধার, দুই লাখ টাকা জরিমানা

সিলেট নগরীর দুটি দোকান থেকে মঙ্গলবার আমদানি নিষিদ্ধ ভারতীয় শাড়ি উদ্ধার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2008, 01:30 PM

Updated : 26 Aug 2022, 02:21 PM

সিলেট, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেট নগরীর দুটি দোকান থেকে মঙ্গলবার আমদানি নিষিদ্ধ ভারতীয় শাড়ি উদ্ধার করেছে র‌্যাব। অবৈধভাবে আনা ভারতীয় শাড়ি বিক্রির অভিযোগ দুটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া কয়েকটি দোকান ও কারখানায় অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির অভিযোগে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) কর্তৃপক্ষ। র‌্যাব- ৯ এর ক্যাপ্টেন মেছবাহুল আলম সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর জিন্দাবাজারে সিটি সেন্টারের সাগর শাড়ি ঘর ও মল্লিকা শাড়ি ঘরে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ বেশ কিছু ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। এসব শাড়ি আনুমানিক বাজার মূল্য ১০ লাখ টাকা।" তিনি জানান, সিলেটের প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিস্ট্রেট আলতাফ হোসেন দু'টি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা করে জরিমানা করেছেন। র‌্যাব-৯ এর অপর একটি দল দুপুর পৌনে ১টায় নগরীর শাহী ঈদগাহ এলাকা থেকে ২০ ব্রিটিশ পাউন্ড, নগদ ২ হাজার ৬শ' ৯৪ টাকাসহ তিনজনকে আটক করেছে। আটককৃতরা হলেন- গোপালগঞ্জ জেলার মুকশেদপুর উপজেলার বাবনডাঙ্গা গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে মো. শফিকুল ইসলাম (৩২), পাকদিয়া গ্রামের মৃত কাদের মোল্লার ছেলে হাফিজুর রহমান মোল্লা (২৭) ও একই গ্রামের মো. আনোয়ার মোল্লার ছেলে মো. মামুন (২০)। প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে তিনি জানান। সিলেট বিএসটিআই এর সহকারী পরিচালক প্রকৌশলী মো. রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিকেলে সিলেট বিসিক শিল্প নগরীর বিভিন্ন কারখানা ও নগরীর কদমতলী ও আম্বরখানার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির অভিযোগে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২৩ ঘ.