২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন সম্মেলন বুধবার

বুধবার লন্ডনে অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাজ্য-বাংলাদেশ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় সহায়তার জন্য তহবিল গঠনই এ সম্মেলনের উদ্দেশ্য। লন্ডন থেকে জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সিনিয়র প্রতিবেদক কামরান রেজা চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2008, 01:28 PM

Updated : 26 Aug 2022, 02:21 PM

কামরান রেজা চৌধুরী, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক লন্ডন, সেপ্টেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় সহায়তার প্রত্যাশায় বুধবার লন্ডনে যুক্তরাজ্য-বাংলাদেশ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি তুলে ধরা এবং তা মোকাবেলা ও পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে বাংলাদেশেকে সহায়তার জন্য একটি বহুপাক্ষিক অভিযোজন তহবিল গঠনে দাতাদের প্রতিশ্র"তি আদায়ের লক্ষ্যে এ সম্মেলন আয়োজন করা হয়েছে। একদিনের এ সম্মেলনে যোগ দিতে অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলামের নেতৃত্বে ৩৯ সদস্যের বাংলাদেশ দল ইতোমধ্যে লন্ডনে পৌঁছেছে। ব্রিটিশ সরকারের সহযোগিতায় আয়োজিত এ সম্মেলন অনুষ্ঠিত হবে লন্ডনের খ্যাতনামা প্রতিষ্ঠান রয়াল জিওগ্রাফিক সোসাইটি ভবনে। যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ডগলাস আলেক্সান্ডার ও ২০০৬ সালের জলবায়ু পরিবর্তন নিয়ে 'স্টার্ন রিভিউ' প্রণেতা লর্ড নিকোলাস স্টার্ন সম্মেলনে বক্তৃতা করার বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া বিশ্বব্যাংকসহ বিভিন্ন দাতা সংস্থার প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেবেন বলে আশা করছেন আয়োজকরা। সম্মেলনে বাংলাদেশ সরকার একটি 'জলবায়ু পরিবর্তন কৌশলপত্র ও কর্মপরিকল্পনা' তুলে ধরবে। এর মাধ্যমে জানানো হবে, বিশ্বের উষ্ণায়ন ও দূষণের জন্য মূলত উন্নত বিশ্ব দায়ী হলেও এর প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের মত গরিব দেশ। এ ব্যাপারে আন্তর্জাতিক মহলের সমর্থন আদায়ের চেষ্টা করা হবে সম্মেলনের মাধ্যমে। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের নাজুক অবস্থান নিয়ে একটি প্রবন্ধ পাঠ করবেন ড. আতিক রহমান। সম্মেলনের ব্যাপারে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটা বাংলাদেশের জন্য একটি ভালো সূচনা। কারণ এর মাধ্যমে ব্রিটিশ সরকার যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিভাগের (ডিএফআইডি) মাধ্যমে বাংলাদেশের জন্য অভিযোজন তহবিল থেকে আর্র্থিক সহায়তার প্যাকেজ ঘোষণা করবে। এছাড়া ডেনমার্ক, নেদারল্যান্ড ও বিশ্বব্যাংকের মতো দাতারাও অভিযোজন তহবিলের জন্য সহায়তার ঘোষণা দিতে পারে।" বাংলাদেশে ডিএফআইডি-র আবাসিক প্রতিনিধি ক্রিস অস্টিন জানান, বাংলাদেশ কীভাবে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেবে এবং এর ক্ষতির হাত থেকে বাঁচতে স্থানীয় ও আন্তর্জাতিকভাবে আরও কি কি পদক্ষেপ নেওয়া দরকার তা নির্ধারণের লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। জলবায়ু পরিবর্তনকে বাংলাদেশের উন্নয়নের জন্য একটি বড় সমস্যা হিসাবে আখ্যায়িত করে তিনি বলেন দেশটির ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে এ বিষয়টি অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তঃসরকার প্যানেল (আইপিসিসি) আশঙ্কা প্রকাশ করে জানিয়েছে, বর্তমান শতাব্দীর শেষ নাগাদ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ৮৬ সেন্টিমিটার পর্যন্ত বাড়তে পারে। এতে বিশ্বের উপকূলীয় নিম্নাঞ্চলের একটি বড় অংশ সমুদ্রে তলিয়ে যেতে পারে। পেট্রোল ও ডিজেলের মতো জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার কার্বন নিঃসরণের হার বাড়িয়ে দিচ্ছে, যার কারণে বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাচ্ছে। আইপিসিসি জানিয়েছে, এ উষ্ণতা বৃদ্ধির কারণে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশের ৬ থেকে ৮ শতাংশ উপকূলীয় এলাকা সাগরে তলিয়ে যেতে পারে। এতে কয়েক কোটি মানুষ বাস্তুহীন হয়ে পড়বে। ভূপৃষ্ঠের উষ্ণতা বাড়ায় বন্যা, ঘূর্ণিঝড়, খরা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের হার বেড়ে যেতে পারে বলে আশঙ্কা জানিয়েছে আইপিসিসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এসকে/১৯০৭ঘ.