ঢাকা, সেপ্টেম্বর ৮(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতীয়তাবাদী মহিলা দল মঙ্গলবার তাদের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে।
সকালে জিয়ার কবরে পুস্পস্তবক অর্পণের পর সংগঠনের নেতৃবৃন্দ ও সাবেক মহিলা সাংসদরা সংসদ ভবনের বিশেষ কারাগারে আটক বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জন্য ফুল ও ফলের ঝুড়ি পৌঁছে দেন কারা সুপারের কাছে।
সকাল পৌনে ১১টায় জিয়ার কবরে পুস্পমাল্য অর্পণের সময় বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ও যুগ্ম মহাসচিব সেলিমা রহমানসহ শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। তারা প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৮০২ঘ.
bdnews24