২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় যমুনার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের স্পারে ভাঙন

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১ নম্বর স্পারের ২০ মিটার অংশ রোববার রাতে ধসে গেছে। রাত সাড়ে ৮ টার দিকে ১৮০ মিটার দীর্ঘ স্পারের এ অংশটি যমুনায় বিলীন হয়ে যায়। এ নিয়ে গত দুই মাসে স্পারটি চারবার ভাঙল বলে জানায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2008, 03:49 PM

Updated : 26 Aug 2022, 02:20 PM

বগুড়া, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১ নম্বর স্পারের ২০ মিটার অংশ রোববার রাতে ধসে গেছে। রাত সাড়ে ৮ টার দিকে ১৮০ মিটার দীর্ঘ স্পারের এ অংশটি যমুনায় বিলীন হয়ে যায়। এ নিয়ে গত দুই মাসে স্পারটি চারবার ভাঙল বলে জানায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। পাউবো'র উপ-বিভাগীয় প্রকৌশলী জহুরুল ইসলাম জানান, গত বছরের বন্যা-ভাঙনে ক্ষতিগ্রস্ত স্পারটি প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে এ বছর মেরামত শুরু করা হয়। কিন্তু ৭০ ভাগ কাজ শেষ হওয়ার পর অব্যাহত ধসের কারণে সেটির অস্তিত্ব এখন হুমকির মুখে। তিনি জানান, মেরামত কাজের শুরুতে গত ৭ জুলাই স্পারটিতে প্রথম ধস নামে। এর ৮ দিনের মাথায় দ্বিতীয়বার এবং ২০ জুলাই তৃতীয়বার ভাঙে স্পারটি। পাউবো নির্বাহী প্রকৌশলী সরদার সিরাজুল হক জানান, স্পারের ধসে যাওয়া অংশে বালি ভর্তি বস্তা নিক্ষেপ করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যমুনার পানি ১০ সেন্টিমিটার কমে সোমবার দুপুরে বিপদসীমার ৯৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল বলে জানান তিনি। গত ৩ সেপ্টেম্বর ভোরে ১ নম্বর স্পারের প্রায় ৫০০ মিটার উজানে তালুকদারপাড়া এলাকায় মূল বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৫০ মিটার ভেঙে যায়। প্রবল স্রোতে ভেঙে যায় এর সমান্তরাল বিকল্প বাঁধও। এরপর ৫ সেপ্টেম্বর ভোরে আগের ভাঙন এলাকার আরও উজানে মূল বাঁধের আরও ২০ মিটার ধসে যায়। বাঁধ ভাঙার পর বন্যায় প্রায় ১২ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়ে। তারা সারিয়াকান্দির চন্দনবাইশার ১ নম্বর স্পারসহ আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৪৩ ঘ.