চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নগরীর কুলগাঁও এলাকায় ঘুষ হিসেবে নগদ টাকা ও মোটর সাইকেল নেওয়ার সময় সোমবার নবী উল্লাহ নামে এক পুলিশ কর্মকর্তাকে হাতেনাতে আটক করা হয়েছে।
ঘুষের ২০ হাজার টাকা ও মোটর সাইকেলটিও জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত নবী উল্লাহ নগরীর বায়েজীদ থানার উপ-পরিদর্শক (এসআই)।
নগরীর বায়েজীদ থানা সংলগ্ন একটি বাড়ি অবৈধ দখলমুক্ত করে দেওয়ার নামে কেয়া নামে এক মহিলার কাছ থেকে টাকাসহ মোটর সাইকেল ঘুষ নেওয়ার সময় দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা নবী উল্লাহকে আটক করেন।
এসআই নবী উল্লাহর গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনার তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
দুর্নীতি দমন কমিশন-দুদক এর চট্টগ্রামের পরিচালক মেজর জুলফিকার আলী মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুপুর পৌনে ৩টার দিকে নগরীর বায়েজীদ থানাধীন কুলগাঁও এলাকায় সিঙ্গার শো রুম থেকে নবী উল্লাহকে হাতেনাতে আটক করা হয়।"
তিনি জানান, অবৈধ দখলদাররা কেয়ার বাড়ি ভোগদখল করে আসছিল। তিনি বায়েজীদ থানায় অভিযোগ জানিয়ে কোন প্রতিকার না পাওয়ায় সিএমপি কমিশনারের কাছে আবেদন জানান।
তার আবেদনের পরিপ্রেক্ষিতে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য কমিশনার বায়েজীদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। ওসি নবী উল্লাহকে বিষয়টি সুরাহার দায়িত্ব দেন।
নবী উল্লাহ বিষয়টি মীমাংসার জন্য কেয়ার কাছে তিন লাখ টাকা উৎকোচ দাবি করেন। বিষয়টি কেয়া চট্টগ্রামের দুদক কার্যালয়ে অবহিত করেন।
মেজর জুলফিকার জানান, দুদকের পরিকল্পনা অনুযায়ী নবী উল্লাহকে মোটর সাইকেল কিনে দেওয়ার জন্য কেয়া কুলগাঁও শো-রুমে নিয়ে যান এবং ওখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুদক কর্মকর্তারা এসআই নবী উল্লাহকে হাতেনাতে আটক করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কিউএইচ/এমএসবি/
bdnews24