২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সেনাবাহিনী বন্যার্তদের পাশে থাকবে: সেনাপ্রধান

সেনাবাহিনী অতীতের মত এবারও বন্যার্তদের পাশে থাকবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2008, 11:33 AM

Updated : 26 Aug 2022, 02:21 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সেনাবাহিনী অতীতের মত এবারও বন্যার্তদের পাশে থাকবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ। (আরও তথ্যসহ) তিনি বলেন, "আপনারা গতবারের দু'দফা বন্যা সাহসের সঙ্গে মোকাবেলা করেছেন। এবারও তা করতে হবে। বন্যার পানি কমতে শুরু করেছে। পানি নেমে গেলে চাষাবাদে নেমে পড়তে হবে।" আমাদের জামালপুর প্রতিনিধি জানান, সোমবার সকালে জেলার দেওয়ানগঞ্জ উপজেলার গুজিমারী ও ইসলামপুরে কুলকান্দিতে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করার সময় সেনাপ্রধান এ কথা বলেন। তিনি বলেন, "সেনা বাহিনীর তত্ত্বাবধানে রোপা আমনের বীজ তলা তৈরি করা হয়েছে। সেই চারা আপনাদের দেওয়া হবে।" বন্যা পরবর্তী সময়ে পানিবাহিত রোগ যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগকে সতর্ক থাকার অনুরোধ করেন সেনাপ্রধান। এ সময় সেনাপ্রধানের সঙ্গে ছিলেন ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোজাহিদ উদ্দিন, জেলা প্রশাসক আব্দুল মাবুদ, জামালপুর সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু হেনা মোস্তফা প্রমুখ। ফরিদপুর প্রতিনিধি জানান, দুপুরে সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের মোহন মিয়ার হাটে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন সেনাপ্রধান। এ সময় তিনি বলেন, "আমরা সব সময় জনগণের পাশে আছি। বন্যার পানি নেমে না যাওয়া পর্যন্ত বন্যার্তদের খ্যদ্য ও চিকিৎসা সেবা দেওয়া হবে।" জেনারেল মইন বলেন, "দুর্যোগের সঙ্গে লড়াই করে বাঁচতে শিখতে হবে। দুর্যোগ এলে মন ভেঙে গেলে চলবে না।" ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেনা সদস্যরা মেরামত করে দেবে বলেও জানান তিনি। সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়ন এবং ২ নম্বর ওয়ার্ডের চারশ বন্যার্ত মানুষের প্রত্যেককে চাল, ডাল ও তেলসহ নিত্য প্রয়োজনীয় ১২টি সামগ্রীর একটি করে ব্যাগ দেওয়া হয়। এ সময় সেনাপ্রধানের সঙ্গে ছিলেন নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এম এম সালেহীন, ফরিদপুরের জেলা প্রশাসক আক্তারুজ্জামান মো. মোস্তফা কামালসহ সেনা ও জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা। ত্রাণ বিতরণে নর্থ চ্যানেল ইউনিয়নের চেয়াম্যান শেখ আব্দুস সামাদ, ফরিদপুর পৌরসভা মেয়র শেখ মহাতাব আলী সেনা প্রধানকে সহায়তা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/ডিডি/এমএসবি/১৮৫৬ ঘ.