চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বেশ কিছু পাসপোর্টসহ দালাল চক্রের ১২ সদস্যকে রোববার দুপুরে নগরীর পাঁচলাইশ এলাকার একটি ট্রাভেল এজেন্সির কার্যালয় থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদের কাছ থেকে ৩২০টি তৈরি পাসপোর্ট এবং প্রক্রিয়াধীন আরও ৪০টি পাসপোর্টসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নকল সিল, জাতীয়তা সনদপত্রসহ বিপুল পরিমাণ পাসপোর্টের ফরম জব্দ করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সেকেন্দার, মো. শাহেদ, মো. মিলন, আশীষ বিশ্বাস, সুমন শীল, আবদুল মান্নান, শ্যামল গুপ্ত, জহির উদ্দিন, রাজন দেব, মিলন মেহেদী, জাফর আহমেদ ও নিশান সিংহ।
নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ওয়াহেদুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলাইশ থানাধীন পাসপোর্ট কার্যালয়ের অদূরে নামিয়া ইন্টারন্যাশনাল নামে একটি ট্রাভেল এজেন্সি কার্যালয়ে দুপুর দেড়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় ১২ জনকে গ্রেপ্তার এবং এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।
তিনি জানান, দালাল চক্রের এসব সদস্য দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে পাসপোর্ট করিয়ে দেওয়ার নাম করে অতিরিক্ত টাকা আদায় করত এবং নানাভাবে হয়রানি করত।
তারা ভুয়া কাগজপত্রের মাধ্যমেও পাসপোর্ট তৈরির কাজ করত বলে ওয়াহেদুল হক জানান।
তিনি আরও জানান, নামিয়া ইন্টারন্যাশনালের মালিক রায়হান চৌধূরী এ চক্রের মূল হোতা। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে জালিয়াতি করে পাসপোর্ট তৈরির কাজ করে আসছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএসবি/১৯৩৯ ঘ.
bdnews24