২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইসির সঙ্গে বসছে না বিএনপি

নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে রোববার দুপুরে নির্ধারিত সংলাপে অংশ নিচ্ছে না বিএনপি। রোববার সকাল সোয়া ১০ টায় দলের দপ্তর সম্পাদক রিজভী আহমেদ মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের এসংক্রান্ত একটি চিঠি প্রধান নির্বাচন কমিশনারের কাছে পৌঁছে দেন। >> ইসিকে পাঠানো বিএনপির চিঠি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2008, 06:47 AM

Updated : 26 Aug 2022, 02:20 PM

ঢাকা, সেপ্টেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে রোববার দুপুরে নির্ধারিত সংলাপে অংশ নিচ্ছে না বিএনপি। রোববার সকাল সোয়া ১০ টায় দলের দপ্তর সম্পাদক রিজভী আহমেদ মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের এসংক্রান্ত একটি চিঠি প্রধান নির্বাচন কমিশনারের কাছে পৌঁছে দেন। খোন্দকার দেলোয়ারের স্বাক্ষরিত চিঠিতে বিএনপি কেনো সংলাপে অংশ নিচ্ছে না তা ব্যাখ্যা করে বলা হয়েছে,''প্রাসঙ্গিক সব আইন ও বিধি বহাল রেখে শুধুমাত্র রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে আলোচনার জন্য আপনি (প্রধান নির্বাচন কমিশনার) যে আমন্ত্রণ জানিয়েছেন, তাতে অংশ নিলে বিদ্যমান পরিস্থিতির কোনো গুণগত পরিবর্তন কিংবা চলমান সমস্যা নিরসনে উল্লেখযোগ্য অগ্রগতি হবে না বলে মনে করি।'' বিএনপির নেতৃত্ব নিয়ে নির্বাচন কমিশনের 'অনৈতিক ও পক্ষপাতমূলক' ভূমিকা জনগনকে হতাশ ও ক্ষুব্ধ করেছে দাবি করে খালেদা জিয়ার মনোনীত মহাসচিব দেলোয়ার বলেন, '' ইসির নিরপেক্ষতা দারুণভাবে প্রশ্নবিদ্ধ। '' এর আগে দপ্তর সম্পাদক রিজভী আহমেদ সাংবাদিকদের বলেন, ''আজকের সংলাপে বিএনপি অংশ নেবে না। মহাসচিব এ বিষয়ে একটি চিঠি দিয়েছেন, তা কমিশনের কাছে হন্তান্তর করেছি। '' এক প্রশ্নের জবাবে তিনি বলেন,''বিএনপির মতো একটি বড় দলকে বাদ দিয়ে নতুন আইন ও বিধি প্রণয়নের পর এ ধরনের সংলাপের যাওয়া অবকাশ নেই। জণগনের কাছে অগ্রহণযোগ্য ও জনমতের সঙ্গে অসঙ্গতিহীন ওই সব আইন ও বিধি চাপিয়ে দিয়ে দেশে সব দলের অংশ গ্রহনে একটি সুষ্ঠু নির্বাচন হতে পারে না বলে আমরা মনে করি।'' রিজভীর সঙ্গে প্রতিনিধি দলের আরও ছিলেন সাবেক সাংসদ অধ্যক্ষ সোহরাবউদ্দিন, খায়রুল কবির খোকন, শিরিন সুলতানা, শাহ নুরুল কবির শাহিন ও সাবেক ছাত্র নেতা হাবিবউন নবী খান সোহেল। তৃতীয় দফা সংলাপে ইসি ১৬টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে। শনিবার এ সংলাপ শুরু হয়। রোববার দুপুরে বিএনপির সঙ্গে সংলাপ হওয়ার কথা ছিল। এছাড়া রোববার সকালে কমিউিনিস্ট পার্টি, বিকল্প ধারা , জাতীয় সামাজতান্ত্রিক দল (জাসদ-ইনু) সঙ্গেও সংলাপের সময়সূচি রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএম/জিএনএ/১২৩৮ ঘ.