ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বাড্ডা এলাকার বড়টেকপাড়ায় শুক্রবার রাতে চোর সন্দেহে লোকজনের পিটুনিতে মো. জানু শেখ নামে এক ক্ষুদ্রব্যবসায়ী নিহত হয়েছেন।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজামউদ্দিন হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাড্ডা লুৎফর টাওয়ারের সামনে এলুমিনিয়ামের হাড়ি পাতিলের একটি দোকানের মালিক জানু শেখ। শুক্রবার দোকান বন্ধ করে তারাবির নামাজ পড়ে বাসায় যাওয়ার পথে বড়টেকপাড়া বালুর মাঠের কাছে লোকজন চোর সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করে।
স্থানীয়রা সকালে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিজামউদ্দিন হাওলাদার জানান, এলাকার লোকজনের কাছ থেকে তার বিরুদ্ধে কেনো অভিযোগ পাওয়া যায়নি। তাকে হত্যার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা- তা খতিয়ে দেখছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএনডি/এমএইচবি/২০২২ ঘ.
bdnews24