২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারের দাবিতে ফরিদপুরে কৃষকদের সড়ক অবরোধ, পুলিশের লাঠিপেটায় আহত ৬

ফরিদপুরের মধুখালী উপজেলার দিঘলিয়া বাজারে সারের দাবিতে শনিবার সকালে কৃষকরা সড়ক অবরোধ করেছেন। অবরোধ সরিয়ে নিতে পুলিশের লাঠিপেটায় আহত হয়েছেন ছয় কৃষক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2008, 12:58 PM

Updated : 26 Aug 2022, 02:20 PM

ফরিদপুর, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফরিদপুরের মধুখালী উপজেলার দিঘলিয়া বাজারে সারের দাবিতে শনিবার সকালে কৃষকরা সড়ক অবরোধ করেছেন। অবরোধ সরিয়ে নিতে পুলিশের লাঠিপেটায় আহত হয়েছেন ছয় কৃষক। অবরোধের কারণে সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে প্রশাসনের হস্তক্ষেপে কৃষকরা অবরোধ তুলে নিলে যান চলাচল আবার স্বাভাবিক হয়। কয়েকজন কৃষক জানান, মধুখালীর দিঘলিয়া বাজারের সার ডিলার গোপাল সাহার দোকানে স্থানীয় কৃষকরা ভোর থেকে সার কেনার জন্য ভিড় করেন। চাহিদা মত সার না পেয়ে এক পর্যায়ে তারা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন। পুলিশ অবরোধ সরিয়ে নিতে কৃষকদের লাঠিপেটা করলে ছয়জন আহত হন। এরা হলেন- বেলাল (৩৫), শফিকুল (২৫), নজরুল (৩৪), মোশারফ (৩৫), আদেল (৪০) ও দাউদ (৩০)। আহতরা মধুখালী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পরে উপজেলা ভূমি কর্মকর্তা আবদুস সালাম ও কৃষি কর্মকর্তা শংকর চন্দ্র ভৌমিক কৃষকদের প্রয়োজনীয় সার দেওয়ার আশ্বাস দিলে সকাল ৯টার দিকে কৃষকরা অবরোধ তুলে নেন। কৃষি কর্মকর্তা শংকর চন্দ্র সাংবাদিকদের বলেন, ভিড় হয়ে যাওয়ায় একটু হৈ চৈ হয়েছে। তিনি আরও বলেন, ফরিদপুর থেকে নয় মেট্রিক টন সার পাওয়া গেছে। আর সংকট নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪৭ ঘ.