২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের গার্মেন্টস শিল্প সুপরিকল্পিতভাবে অস্থিতিশীল করা হচ্ছে : বিজিএমইএ

তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ নেতারা অভিযোগ করেছেন, একটি মহল সুপরিকল্পিতভাবে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে অস্থিতিশীলতা সৃষ্টি করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2008, 07:12 PM

Updated : 26 Aug 2022, 02:20 PM

গাজীপুর, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ নেতারা অভিযোগ করেছেন, একটি মহল সুপরিকল্পিতভাবে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। আগামী অক্টোবরে যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিয়ন্ত্রণ সংস্থায় বাংলাদেশে শ্রম আইন না মানা সংক্রান্ত অভিযোগের শুনানির আগে সুপরিকল্পিতভাবে একটি মহল এ অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করছে বলে তারা মন্তব্য করেন। তৈরি পোশাক খাতের নানা সমস্যা এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে শুক্রবার বিকেলে গাজীপুর ও টঙ্গীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে শহরের রথখোলার বঙ্গতাজ অডিটোরিয়ামে বিজিএমইএ নেতারা খোলামেলা আলোচনা করেন। অনুষ্ঠানে বিজিএমইএ-এর দ্বিতীয় সহ-সভাপতি মো. শহীদুল ইসলাম, সহ সভাপতি (অর্থ) মাহমুদ হাসান খান বাবু, পরিচালক ওসামা তাসের ও রশীদ আহমেদ হোসাইনী, প্রাক্তন পরিচালক শওকত আলী ভূইয়া দিলান, ওয়ান স্টপ সার্ভিসের চেয়ারম্যান শফিকুল ইসলাম জন প্রমুখ বক্তব্য দেন। শহীদুল ইসলাম জানান, কোনও একটি গার্মেন্টসে ঝামেলা হলেই যাতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা যায় এ জন্য বিজিএমএ গাজীপুরের চান্দনা চৌরাস্তায় কার্যালয় খুলছে। ঈদের পরপরই এর কার্যক্রম শুরু হবে। দেশি বিদেশি কোনো কোনো গোষ্ঠী গার্মেন্টসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে সচেষ্ট দাবি করে মাহমুদ হাসান খান বাবু বলেন, তার প্রমাণ বিজিএমইএয়ের কাছে রয়েছে। এ ব্যাপারে অনুসন্ধান করে জড়িতদের চিহ্নিত করে জাতির সামনে তুলে ধরার জন্য তিনি সাংবাদিকদের অনুরোধ জানান। দিগন্ত সোয়েটারের ব্যবস্থাপনা পরিচালক মো. কামাল উদ্দিন বলেন, "গার্মেন্টসে অস্থিতিশীল পরিস্থিতি কারা সৃষ্টি করছে তা সরকারি গোয়েন্দা সংস্থার জানা আছে। সরকার তাদের ধরে আবার কেন ছেড়ে দেয় আমরা বুঝি না।" সুনির্দিষ্ট দেশের নাম না বলে বিজিএমইএ নেতারা বলেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিরা 'এদেশীয় এজেন্টদের' সহায়তায় এসব করছে । দেশের অধিকাংশ তৈরি পোশাক কারখানায় বেতন ভাতা নিয়ে কোনো সমস্যা হচ্ছে না উল্লেখ করে বিজিএমইএ নেতারা বলেন, " বর্তমানে নানা গুজব ছড়িয়ে কর্মীদের উস্কে দিয়ে বিশৃংঙ্খলা সৃষ্টি করা হচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/০১০৭ঘ.