মিন্টু চৌধুরী
চট্টগ্রাম অফিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রামে খুচরা বাজার এমনকি 'ন্যায্য মূল্যের' দোকানেও একই পণ্যের বিভিন্ন দাম দেখা গেছে। বিক্রেতারা নিজেদের ইচ্ছেমত দাম নির্ধারণ করায় একই পণ্যের দাম বাজার ভেদে একেক রকম বলে ক্রেতারা মনে করেন।
পণ্যের দাম নিয়ন্ত্রণ কিংবা একই দাম নিশ্চিত করার ব্যাপারে প্রশাসনিক বা ব্যবসায়ী সংগঠনগুলোর পক্ষ থেকে কোন উদ্যোগ দেখা যায়নি।
মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের কাজ চলছে বলে জেলা প্রশাসন দাবি করলেও বাজার ঘুরে এর সতত্য মেলেনি।
চট্টগ্রাম জেলা প্রশাসক আশরাফ শামীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রমজান শুরু হওয়ার পরপরই বাজারে পণ্যমূল্য মনিটরিং শুরু হয়েছে। ভ্রাম্যমান আদালতও কাজ করছে।"
জেলা প্রশাসক বলেন, গতবারের তুলনায় এবার পণমূল্য অনেকটা সহনীয় পর্যায়ে রয়েছে। খোলা বাজার (ওএমএস), বিডিআর এবং ব্যবসায়ীদের 'ন্যায্যমূল্যের' দোকানে পণ্য বিক্রির কারণে পরিস্থিতির উন্নতি হয়েছে বলে তিনি মনে করেন।
ঢাকায় ব্যবসায়ী সংগঠনগুলো বাজার মনিটরিং করলেও চট্টগ্রামে তা করবে না বলে জানালেন চট্টগ্রাম চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি এম এ লতিফ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাজার মনিটরিং করে পণ্যমূল্য নিয়ন্ত্রণ কখনও সম্ভব নয়। এজন্য রেশনিং বা খোলা বাজারে পণ্য বিক্রির (ওএমএস) বিকল্প নেই।"
গত রোজায় বাজার মনিটরিংয়ের উদ্যোগ নিয়েও কোন সফলতা আসেনি বলে তিনি জানান।
লতিফ বলেন, "বাজারে ভোগ্যপণ্যের দাম অনেকটা সহনীয় থাকলেও সবজির দর লাগামহীন।"
এ ক্ষেত্রে তিনি সরকারি মনিটরিংয়ের ওপর জোর দেন।
অবশ্য ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি), বিডিআরের ভ্রাম্যমাণ দোকান, বিভিন্ন ব্যবসায়িক গ্র"পের 'ন্যায্য মূল্যের' এবং বিজিএমইএ কর্তৃক পোশাক শিল্পের শ্রমিকদের জন্য ভর্তুকি মূল্যে দোকান চালুর কারণে ঢালাওভাবে সব পণ্যের দাম বাড়েনি।
তবে টিসিবি বা নায্যমূল্যের দোকানে যেসব পণ্য কম পাওয়া যাচ্ছে- সুযোগ বুঝে সেগুলোরই দাম বাড়িয়ে দিয়েছেন খুচরা বিক্রেতারা।
টিসিবি ও নায্যমূল্যের দোকানগুলোতে সয়াবিন তেল (খোলা ও প্যাকেটজাত), মসুর, ছোলা, পেয়াঁজ, মটর ডাল, চিনি, লবণ প্রভৃতি বাজার মূল্যের চেয়ে কমে পাওয়া যায়। তবে এ সব দোকানেও সমমানের একই পণ্যের দামের পার্থক্য দেখা গেছে।
নগরীর বিভিন্ন স্থানে টিসিবির ভ্রাম্যমাণ দোকানে পেয়াঁজ ২০ টাকা কেজি, চিনি ৩০ টাকা, মসুর ডাল কেজি ৮৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
নগরীর মিমি সুপার মার্কেট এলাকায় এস আলম গ্র"পের 'ন্যায্য মূল্যের' দোকানে প্রতি পাঁচ লিটারের সয়াবিন তেলের জার ৫৫৮ টাকা, এক লিটারের জার ১০৯ টাকা এবং খোলা সয়াবিন প্রতি লিটার ৯৬ টাকা (প্রতি কেজি ১০৫ টাকা), চিনি প্রতি কেজি ৩০, মসুর ডাল ৮৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
সিনেমা প্যালেস এলাকায় মোস্তফা গ্র"পের বিক্রয়কেন্দ্রে বিক্রি হচ্ছে পাঁচ লিটারের সয়াবিন তেলের জার ৫৬৯ টাকা, এক লিটারের জার ১১৮ টাকা এবং চিনি প্রতি কেজি ৩৩ টাকায়।
অপরদিকে নগরীর রেয়াজুদ্দিন বাজারে বৃহস্পতিবার সকালে প্রতি কেজি খোলা সয়াবিন ১০৫ টাকা, পাঁচ লিটারের বিভিন্ন কোম্পানির জার ৫৭৫ থেকে ৫৮০ টাকা, পেয়াঁজ মান ভেদে ২৪ থেকে ৩০ টাকা, ছোলা মানভেদে ৫০ থেকে ৫৪ টাকা, মসুর ৯৫ থেকে ১০০টাকা, চিনি প্রতি কেজি ৩৬ টাকা, মটর ৩৬ টাকা এবং ডানপিস (এ প্রকার ডাল) ৪২ থেকে ৪৩ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
রমজান সামনে রেখে নগরীর বিভিন্ন বাজারের খুচরা বিক্রেতারা কোন কারণ ছাড়াই চিনি, পেয়াঁজ, ছোলা ও মটরের দাম প্রতিকেজিতে দুই থেকে পাঁচ টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন।
রেয়াজুদ্দিন বাজারে বাজার করতে আসা চাকরিজীবী মোহাম্মদ হান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একই বাজারে সবজির ভিন্ন দাম দেখা যাচ্ছে। বিক্রেতারা নিজেদের ইচ্ছামত দাম বাড়াচ্ছেন। তাদের কাছে আমরা জিম্মি।"
এ ব্যাপারে রেয়াজুদ্দিন বাজারের খূচরা বিক্রেতা আহমেদ কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অন্য বারের মত এবার ঢালাওভাবে পণ্যের দাম বাড়েনি। ন্যায্যমূল্যের দোকান চালু হওয়ায় তা হয়নি বলে তিনি মনে করেন।
রমজান সামনে রেখে কয়েকটি পণ্যের দাম বাড়ানোতে খুচরা বিক্রেতাদের কোন হাত নেই দাবি করে তিনি বলেন, "পাইকারদের কাছ থেকে যে দামে পণ্য কিনছি তার থেকে কয়েক টাকা লাভ করে আমরা বিক্রি করছি মাত্র।"
ইফতারিতে প্রয়োজনীয় শসা, খিরা, বেগুন, কাঁচা মরিচ এবং ধনেপাতার দাম উর্ধমুখী। রমজানের আগের দিন থেকেই বিক্রেতারা তাদের ইচ্ছেমত দাম বাড়িয়ে দিয়েছেন। নগরীর রেয়াজুদ্দিন ও কাজী দেউরী বাজারে কিছু সবজির দামের পার্থক্য দুই থেকে পাঁচ টাকা পর্যন্ত দেখা গেছে।
রেয়াজুদ্দিন বাজার ঘূরে দেখা গেছে- কাঁচামরিচ প্রতি কেজি ১০০ টাকা, ধনেপাতা ১৮০ টাকা, বেগুন ৬০ টাকা, শসা ৩০ থেকে ৩২ টাকা, খিরা ২৮ থেকে ৩০ টাকা, পেঁপে ১২ টাকা, আলু ১৭-১৮ টাকা, ঢেঁড়শ ৩২ টাকা, বরবটি ৩০ টাকা, চালকুমড়া ২০ থেকে ২৪ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
কাজীর দেউরী বাজারে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকা। এছাড়া শসা ৩২ থেকে ৩৫ টাকা, খিরা ৩০ থেকে ৩২ টাকা, পেঁপে ১৫ টাকা, আলু ১৮ থেকে ২০ টাকা, ঢেঁড়শ ৩৫ টাকা, বরবটি ৩২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এফআই/এমএসবি/১৬২৫ ঘ.
bdnews24