২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধা কৃষি ইনস্টিটিউটের ছাত্রাবাসে সংঘর্ষে নয়জন আহত

গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ছাত্রাবাসে বুধবার রাতে দু'দল ছাত্রের মধ্যে সংঘর্ষে নয়জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2008, 02:22 PM

Updated : 26 Aug 2022, 02:20 PM

গাইবান্ধা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ছাত্রাবাসে বুধবার রাতে দু'দল ছাত্রের মধ্যে সংঘর্ষে নয়জন আহত হয়েছেন। এ ঘটনায় সাত ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহত ছাত্ররা হলেন- আব্দুল হাই (১৯), ফজলে রাব্বি (১৮), আতিকুর রহমান (১৮), আশরাফ উদ্দিন (২০), শামিউল ইসলাম (১৯), পাভেল মিয়া (১৯), সুমন্ত রায় (১৮), ইমাত উদ্দিন (২০) ও সোহাগ মিয়া (১৮)। তাদের গাইবান্ধা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, বুধবার রাত ১০টার দিকে রাতের খাবার নিয়ে ইনস্টিটিউটের ছাত্রাবাসে চতুর্থ ও ৬ষ্ঠ সেমিস্টারের ছাত্রদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ছাত্রাবাসের জানালা-দরজা ভাংচুর ও সংঘর্ষ হয়। এতে বিভিন্ন সেমিস্টারের নয় ছাত্র আহত হন। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে ওই রাতেই ছাত্রাবাস থেকে বিভিন্ন সেমিস্টারের সাত ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- মতলুবর রহমান, সাখাওয়াত হোসেন, ইউনুছ আলী, আরিফুজ্জামান, অনুপম মজুমদার, ফেরদৌস মিয়া ও মিজানুর রহমান। ওসি আলমগীর হোসেন জানান, এই ঘটনায় ইনস্টিটিউটের অধ্যক্ষ আখতারুজ্জামান সদর থানায় মামলা করেছেন। ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক মাছুদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২৭ ঘ.