ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- উৎপাদন বাড়িয়েও চাহিদার সঙ্গে তাল মেলাতে পারছে না বিদ্যুৎ বিভাগ। বিপুল চাহিদার বিপরীতে সারা দেশেই কমবেশি লোডশেডিং করা হচ্ছে।
বৃহস্পতিবার বিদ্যুৎ বিভাগের সচিব ড. এম ফাওজুল কবির খান সাংবাদিকদের বলেন, "গত সপ্তাহের তুলনায় ৪০০ মেগাওয়াট উৎপাদন বেড়েছে। চেষ্টা করা হচ্ছে দেশের সব জায়গাতেই সমভাবে লোডশেডিং করে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য।"
কোথাও মাত্রাতিরিক্ত লোডশেডিং করা হচ্ছে না বলে দাবি করেন সচিব।
বৃহস্পতিবার বিদ্যুৎ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রমজানে বিদ্যুৎ পরিস্থিতি মোকাবেলায় উৎপাদন বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছিল। এতে বলা হয়, বিদ্যমান গ্যাস ঘাটতি সত্ত্বেও ৩ সেপ্টেম্বর ৩৭৫৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয় যা গত সপ্তাহের তুলনায় ৪০০ মেগাওয়াট বেশি। এরপরও ইফতার, তারাবি ও সেহরির সময় বিদ্যুতের চাহিদা বিপুল পরিমাণ বেড়ে যাওয়ায় সারা দেশেই লোড শেডিং করতে হচ্ছে।
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার সারা দেশে নির্ধারিত ক্ষমতার চেয়ে ১০০২ মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদিত হয়েছে। এর মধ্যে ৮৩১ মেগাওয়াট কম উৎপাদন হয়েছে গ্যাস সঙ্কটের কারণে। কাপ্তাই হ্রদে পানি স্বল্পতার কারণে ৩৬ মেগাওয়াট কম উৎপাদন হয়েছে। রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য বন্ধ আছে ১৩৫ মেগাওয়াটের তিনটি বিদ্যুৎ ইউনিট।
বৃহস্পতিবার সারাদেশে বিদ্যুতের চাহিদা ছিল ৪৪০০ মেগাওয়াট। সর্বোচ্চ উৎপাদন ধরা হয়েছিল ৩৮০০ মেগাওয়াট। সম্ভাব্য লোডশেডিং নির্ধারণ করা হয়েছিল ৫০২ মেগাওয়াট।
এদিকে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে ইফতার, তারাবি ও সেহরির সময় প্রয়োজনের অতিরিক্ত বৈদ্যুতিক বাতি, এয়ারকুলার ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার থেকে বিরত থেকে বিদ্যুৎ ব্যবহার সীমিত রাখার জন্য গ্রাহকদের প্রতি অনুরোধ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/১৮৩৯ঘ.
bdnews24