২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রুথ কমিশনে বৃহস্পতিবার আটজনের শুনানি

দুর্নীতির আটটি ঘটনায় বৃহস্পতিবার আটজনের জবানবন্দি গ্রহণ করেছে সত্য ও জবাবদিহিতা কমিশন (ট্রুথ কমিশন)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2008, 12:14 PM

Updated : 26 Aug 2022, 02:20 PM

ঢাকা, সেপ্টেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির আটটি ঘটনায় বৃহস্পতিবার আটজনের জবানবন্দি গ্রহণ করেছে সত্য ও জবাবদিহিতা কমিশন (ট্রুথ কমিশন)। রাজধানীর হেয়ার রোডে কমিশন কার্যালয়ে বৃহস্পতিবার এ শুনানি অনুষ্ঠিত হয়। কমিশন চেয়ারম্যান বিচারপতি হাবিবুর রহমান খানের একান্ত সচিব জাহিদ হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৃহস্পতিবার আটটি কেসে আটজনের শুনানি গ্রহণ করা হয়েছে। এদের মধ্যে ছয়জন স্বামী-স্ত্রী রয়েছেন। এছাড়া বাকি দুজন ব্যবসায়ী।" তিনি জানান, শুক্রবার ও শনিবার সরকারি ছুটি থাকায় কোনো শুনানি হবে না। এর পর রোববার ১৫ জনের শুনানি হবে। সোমবার মোট সাতজনের জবাববন্দি গ্রহণের মধ্য দিয়ে ট্রুথ কমিশনের শুনানি কার্যক্রম শুরু হয়। বৃহস্পতিবার পর্যন্ত এ নিয়ে মোট ২৬ জনের শুনানি গ্রহণ করেছে কমিশন। এর আগে প্রথম দুইদিনের শুনানি শেষে আর্থিক অনিয়মের দায়ে ১১ জনকে সরকারি কোষাগারে প্রায় ৫ কোটি ৭০ লাখ টাকা জমা দেওয়ার প্রাথমিক রায় দেয় সত্যতা ও জবাবদিহিতা কমিশন। কমিশনের চেয়ারম্যান বিচারপতি হাবিবুর রহমান খান বুধবার দুপুরে নিয়মিত সংবাদ ব্রিফ্রিংয়ে এ তথ্য জানান। গত ৮ জুন রাষ্ট্রপতি 'স্বপ্রণোদিত তথ্য প্রকাশ অধ্যাদেশ ২০০৮' অধ্যাদেশ জারি করেন। এর আওতায় সত্যতা ও জবাবদিহিতা কমিশন বা ট্রুথ কমিশন গঠন করা হয়। অধ্যাদেশ অনুযায়ী, দুর্নীতির দায়ে দুই বছর বা এর বেশি সাজাপ্রাপ্ত ছাড়া যে কেউ কমিশনের কাছে সত্য প্রকাশ করে দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত দিয়ে ক্ষমার সুযোগ পাবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/টিএইচ/এসকে/১৭৫৩ঘ.