২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসার জন্য তারেককে বিদেশ পাঠানোর প্রস্তুতি চলছে: আইনজীবী

সদ্য কারামুক্ত তারেক রহমানকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য অথবা জার্মানি পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তার আইজীবীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2008, 10:57 AM

Updated : 26 Aug 2022, 02:20 PM

ঢাকা, সেপ্টেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সদ্য কারামুক্ত তারেক রহমানকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য অথবা জার্মানি পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তার আইজীবীরা। বৃহস্পতিবার দুপুরে তারেকের আইনজীবী ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উন্নত চিকিৎসার জন্য তারেক রহমানকে বিদেশে পাঠানোর জন্য পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত কাজ শুরু হয়েছে। তিনি বলেন, "এসব প্রস্তুতি শেষ হলে তাকে যুক্তরাজ্য অথবা জার্মানিতে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে।" তারেকের অপর আইনজীবী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, "চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী অতি দ্রুত তাকে (তারেক রহমান) বিদেশে নিয়ে যাওয়া হবে। আমরা এ জন্য প্রস্তুতি নিচ্ছি।" সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান বুধবার জামিনে কারাগার থেকে মুক্তি পান। তবে চিকিৎসার জন্য তিনি এখনও বঙ্গবন্ধু শেখ মুজিবা মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে রয়েছেন। তাকে আরও দুদিন পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। মেডিকেল বোর্ডের সদস্য আর্থাস্কোপি ও জয়েন্ট রিপ্লেসমেন্ট ইউনিটের প্রধান সহযোগী অধ্যাপক মাজহারুল ইসলাম দোলন দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অধ্যাপক সিরাজ উদ্দিন আহমেদের নেতৃত্বে চার সদস্যের বোর্ড সকালে তারেক রহমানকে দেখতে গিয়েছিলেন। তার কোমরের ব্যথা বেড়েছে; রক্তচাপও ওঠানামা করছে। এজন্য তাকে দুদিন পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয়েছে। দর্শনার্থীদের সঙ্গে দেখা করতেও নিষেধ করা হয়েছে।" বৃহস্পতিবার সকালে বিএনপির সহসভাপতি এম কে আনোয়ার ও দুপুরে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ আলাদাভাবে তারেক রহমানকে দেখতে হাসপাতালে যান। তার সঙ্গে দেখা করা পর তারা চিকিৎসকদের কাছে তারেকের অবস্থা সর্ম্পকে জানতে চান। জামায়াতের সেক্রেটারি জেনারেলের সঙ্গে অন্যদের মধ্যে ছিলেন সাবেক সাংসদ সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, মহানগর আমীর রফিকুল ইসলাম খান, ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুর রহমান প্রমুখ। বুধবারের মতো বৃহস্পতিবার সকালের পর থেকে বিএনপি, মহিলা দল, যুব দল, ছাত্র দলের নেতা-কর্মীরা হাসপাতাল প্রাঙ্গণে নেতার খোঁজ-খবর নিতে উপস্থিত হন। তবে চিকিৎসকরা দর্শনার্থীদের প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছেন। হাসপাতালে নিরাপত্তাও বাড়ানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এমএসবি/১৬৪৫ ঘ.