২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যার ১০ দিন আগেই পূর্বাভাস দিতে পারবে পাউবো

আগামী বছর থেকে বন্যার ১০ দিন আগেই পূর্বাভাস দিতে পারবে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। পানি সম্পদ উপদেষ্টা সি এস করিম বুধবার বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের পূর্বাভাস ব্যবস্থার আদলে পাউবো এই মডেল গড়ে তুলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2008, 03:43 PM

Updated : 26 Aug 2022, 02:19 PM

ঢাকা সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী বছর থেকে বন্যার ১০ দিন আগেই পূর্বাভাস দিতে পারবে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। পানি সম্পদ উপদেষ্টা সি এস করিম বুধবার বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের পূর্বাভাস ব্যবস্থার আদলে পাউবো এই মডেল গড়ে তুলেছে। বর্তমান ব্যবস্থায় পাউবো বন্যার ৭২ ঘণ্টা আগে পূর্বাভাস দিতে পারে। রাজধানীর হোটেল শেরাটনে বন্যা পূর্বাভাস প্রযুক্তির ওপর পাউবো আয়োজিতে এক সেমিনারে উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে এ তথ্য প্রকাশ করেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর সি এস করিম বলেন, "আগামী বছর থেকে আমরা বন্যার ১০ দিন আগেই পূর্বাভাস দিতে পারব। এর ফলে কৃষকরা তাদের ফসল ও গবাদি পশু রক্ষার সুযোগ পাবেন।" তিনি জানান, পাউবো গত ২৬ জুলাই থেকেই এ পূর্বাভাস মডেল চালু করেছে। এর মাধ্যমে ৮০ ভাগ ক্ষেত্রে সঠিক পূর্বাভাস দেয়া সম্ভব। ভবিষ্যতে এটিকে আরো নিখুঁত করে গড়ে তোলা যাবে। পাউবো'র প্রকল্প পরিচালক মো. সাজেদুল করিম চৌধুরী সাংবাদিকদের বলেন, ইতোমধ্যে দেশের ৫টি এলাকায় এই পূর্বাভাস মডেল ব্যবহার করা হয়েছে। নতুন এই ব্যবস্থায় আগের তুলনায় সঠিক ফল পাওয়া গেছে। অবশ্য এ মডেলের মাধ্যমে বন্যার স্থায়ীত্ব সম্পর্কে পূর্বাভাস দেয়া সম্ভব নয় বলে জানান তিনি। সাজেদুল করিম জানান, পাউবো যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা ও ইউরোপীয় সেন্টার ফর মিডিয়াম-রেঞ্জ ফোরকাস্ট (ইসিএমডব্লিউএফ) থেকে সম্ভাব্য বৃষ্টিপাত ও তাপমাত্রা সম্পর্কিত তথ্য সংগ্রহ করবে এবং এর ভিত্তিতে পূর্বাভাস দেবে। উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বলেন, নতুন প্রযুক্তির এই পূর্বাভাস ব্যবস্থা বন্যায় জান ও মালের ক্ষয়ক্ষতি কমাতে সাহায্য করবে। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সরকারের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক সংস্থা (ইউএসএইড) পাউবো'র এ প্রকল্পে অর্থ সাহায্য দিচ্ছে। বেসরকারি উন্নয়ন সংস্থা কেয়ারও এ ব্যাপারে একটি প্রকল্প পরিচালনা করছে। অন্যান্যের মধ্যে পাউবো'র মহাপরিচালক এইচ এস মোজাদ্দেদ ফারুক, ইউএসএইডের মিশন প্রধান ডেনিস রোলিনস ও কেয়ার বাংলাদেশের প্রধান নিক সাউদার্ন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/জেকে/এমএইচবি/২০৫৪ ঘ.