ভোলা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলায় নিষিদ্ধ সংগঠন হিযবুত তাওহীদের তিন সদস্যকে সংগঠনের প্রচারপত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের শান্তিরহাট বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার আদালতের মাধ্যমে তিন জনকেই কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে- ফরিদ হাওলাদার, মঞ্জুর মোল্লা ও আল আমিন।
জিজ্ঞাসাবাদে তারা জঙ্গি সংগঠনটির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজাহান শেখ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ফরিদ হাওলাদার, মঞ্জুর মোল্লা ও আল আমিন শান্তিরহাট বাজারে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় এলাকাবাসী আটক করে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করে আনে। তাদের কাছে হিযবুত তাওহীদের প্রচারপত্র পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সংগঠনটির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।"
গ্রেপ্তাররকৃত ফরিদ হাওলাদারের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার সারোকাঠী গ্রামে। মঞ্জুর মোল্লার বাড়িও একই স্থানে। আল আমিনের বাড়ি ভোলা সদর উপজেলর দক্ষিণ দিঘলদী ইউনিয়নের দক্ষিণ বালিয়া গ্রামে।
বুধবার তাদের ভোলা বিচার বিভাগীয় হাকিমের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে পুলিশ জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯১৮ ঘ.
bdnews24