চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে ভেজালবিরোধী অভিযানে বুধবার তিনটি প্রতিষ্ঠান এবং দুই মাংস বিক্রেতার ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সকাল থেকে দুপুর পর্যন্ত হামজারবাগ, চর চাক্তাই এবং বহদ্দারহাট কাঁচাবাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের ভ্র্যাম্যমাণ আদলত এ অভিযান চালায়।
জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিএসটিআই লাইসেন্সে প্রদত্ত ঠিকানা পরিবর্তন করে অন্যস্থানে ঘি উৎপাদনের অপরাধে নগরীর হামজারবাগ এলাকায় এ-ওয়ান ব্র্যান্ডের ঘি উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা এবং উৎপাদিত ঘি স্বাস্থ্যসম্মত কিনা পরীক্ষার জন্য বিএসটিআই-এর গবেষণাগারে পাঠানো হয়েছে।"
বহদ্দারহাট কাঁচা বাজারে গরুর মাংস বলে মহিষের মাংস বিক্রির দায়ে দুই বিক্রেতাকে আটক করে প্রত্যেকের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় বলে জাকির হোসেন জানান।
এছাড়া নগরীর চর চাক্তাই এলাকায় একটি প্রতিষ্ঠানের কাছ থেকে অপরিচ্ছন্ন পরিবেশে লাচ্ছা সেমাই উৎপাদন ও রাখার অপরাধে ৫০ হাজার টাকা এবং নোংরা পরিবেশে মুড়ি ভাজার দায়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/এমআই/১৮৩৯ ঘ.
bdnews24