গোপালগঞ্জ, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাসীদের ছোড়া অ্যাসিডে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামে এক মহিলা ও তার কিশোর ছেলের শরীর ঝলসে গেছে।
মঙ্গলবার তারা অ্যাসিডদগ্ধ হন। বুধবার সকালে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এসিডদগ্ধরা হলেন, পাটগাতি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আলাউদ্দিন শেখের স্ত্রী আলেয়া বেগম (৪০) ও তার ছেলে রিহাব হাসান রাব্বী (১৩)।
আলাউদ্দিন শেখ সাংবাদিকদের জানান, মঙ্গলবার রাত ৯টায় ঘরের জানালা নিয়ে দুর্বৃত্তরা অ্যাসিড ছুড়লে তার স্ত্রী ও ছেলের শরীর ঝলসে যায়। প্রথমে তাদের টুঙ্গিপাড়া স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাদের ঢাকায় পাঠানো হয়।
আলাউদ্দিন শেখ দাবি করেন, আসন্ন উপজেলা নির্বাচন ঘিরে প্রতিপক্ষের লোকজন এ হামলা চালিয়েছে।
বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছয়েরুদ্দীন সাংবাদিকদের বলেন, "অ্যাসিড সন্ত্রাসের একটি ঘটনা ঘটেছে। তবে কেউ মামলা করতে আসেনি।"
বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮১৮ ঘ.
bdnews24