ঢাকা, সেপ্টেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী বুধবার দুদিনের সফরে কুয়েত পৌঁছেছেন।
দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে তিনি একথা জানান।
পররাষ্ট্র উপদেষ্টা জানান, বাংলাদেশ সময় দুপুর তিনটায় তিনি কুয়েতের প্রধানমন্ত্রী শেখ নাসের আল মোহাম্মদ সাবাহ আল- সালেম আল সাবাহ অথবা উপ প্রধানমন্ত্রী ড. শেখ সাবাহ আল সালেম আল সাবাহর সঙ্গে সাক্ষাৎ করবেন।
এর আগে গত ২৭ আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশী শ্রমিকদের সমস্যাসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনার জন্য উপদেষ্টা কুয়েত যাচ্ছেন। দুদেশের অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়টিও আলোচনায় স্থান পাবে।
এর আগে পররাষ্ট্র উপদেষ্টা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কুয়েত সফরে আমি স্থানীয় বাংলাদেশীদের সঙ্গে কথা বলবো। আমি সেদেশের আইন মেনে চলার জন্য তাদের অনুরোধ করবো ।"
মজুরি বৃদ্ধি ও কাজের পরিবেশের উন্নয়নের দাবিতে গত জুলাই মাসে কুয়েতে অবস্থানরত কয়েক হাজার বাংলাদেশী শ্রমিক ধর্মঘট ও সহিংস বিক্ষোভ করে।
এর পরিপ্রেক্ষিতে আইনভঙ্গের অভিযোগে কুয়েত সরকার এ পর্যন্ত এক হাজার ২৫০ জন বাংলাদেশীকে ফেরত পাঠিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/ইএইচবি-এএইচডি/এফএফ/এসকে/১৫১৪ঘ.
bdnews24