ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার সারিয়াকান্দি এলাকায় যমুনার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে বুধবার প্রায় পাঁচশ পরিবার গৃহহীন হয়ে পড়েছে। ফরিদপুর শহর রক্ষা বাঁধের কয়েকটি স্থানেও ফাটল দেখা দিয়েছে। সিরাজগঞ্জে পানিতে ডুবে এ পর্যন্ত পাঁচ জনের মৃত্যু হয়েছে।
কুড়িগ্রামের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।
আমাদের প্রতিনিধির পাঠানো খবর-
বগুড়া
সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশার তালুকদারপাড়া এলাকায় বুধবার ভোরে যমুনার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রায় ১৫ ফুট এলাকা ভেঙে গেছে। ওই গ্রামের প্রায় পাঁচশ পরিবার গৃহহীন হয়ে পড়েছে। ভাঙনের কারণে চন্দন বাইশা, কুতুবপুর, ঘুঘুমারী, কামালপুর, রওহাদহ গ্রামে পানি ঢুকে পানিবন্দি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ।
তালুকদার পাড়ার বেলাল হোসেন জানান, সেহেরির সময় হঠাৎ ভাঙনের শব্দে এলাকায় ছোটাছুটি শুরু হয়ে যায়। এ সময় বাঁধে বসবাসকারীরা তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যদের নিয়ে অন্য এলাকায় সরে যায়।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, "বাঁধের সামনে খাদের সৃষ্টি হওয়ায় বাঁধটি ভেঙে গেছে।"
বাঁধটির নির্মাণ ঠিকাদার এ কে এম বজলুর রহমান বলেন, "এলাকাবাসীর অসহযোগিতার কারণে সময়মত নির্মাণ কাজ শেষ করা যায়নি। এ অবস্থায় যমুনার পানির উচ্চতা বাড়ায় বাঁধ ভেঙে গেছে।"
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহেদুর রহমান জানান, বাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তাৎক্ষণিকভাবে কোনো সাহায্য দেওয়া যায়নি।
পাউবো জানিয়েছে, বুধবার সন্ধ্যায় যমুনার পানি ৪ সেন্টিমিটার কমে বিপদসীমার ৮২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
কুড়িগ্রাম
কুড়িগ্রাম জেলার সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মোস্তফা রেজাউল আসাফুদ্দৌলা জানান, চিলমারীর রাজার ভিটা õ
bdnews24