২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে শ্রমিকদের জন্য বিকেএমইএ'র রেশনিং কার্যক্রম শুরু

পয়লা রমজান থেকে ভর্তুকি দিয়ে পোশাক শ্রমিকদের জন্য হ্রাসকৃত মূল্যে চাল, ডাল ও ছোলা সরবরাহ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2008, 04:12 PM

Updated : 26 Aug 2022, 02:19 PM

নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পয়লা রমজান থেকে ভর্তুকি দিয়ে পোশাক শ্রমিকদের জন্য হ্রাসকৃত মূল্যে চাল, ডাল ও ছোলা সরবরাহ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)। বিকেএমইএ সভাপতি ফজলুল হক জানান, প্রাথমিকভাবে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ কার্যালয়, ফতুল্লার পঞ্চবটীর বিসিক শিল্পাঞ্চল, সিদ্ধিরগঞ্জ, ঢাকার সাভার, গাজীপুরে কালিয়াকৈরে হ্রাসকৃত মূল্যে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিতরণ কর্মসূচি চলবে। পরবর্তীতে চট্টগ্রামেও এ কার্যক্রম চালানো হবে বলে তিনি জানান। ফজলুল হক জানান, এই কর্মসূচির আওতায় প্রতি কেজি চাল ২৭ টাকা, প্রতি কেজি মসুর ডাল ৮০ টাকা, ছোলা ৪৫ টাকা দরে বিক্রি হবে। একজন শ্রমিক সপ্তাহে একদিন নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল ও ছোলা কিনতে পারবে। মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ কার্যালয়ে এই কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক এএমএ রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন- বিকেএমইএ সভাপতি ফজলুল হক, জেলা পুলিশ সুপার সরদার নুরুল আমীন, যৌথবাহিনীর মেজর এমদাদ, বিকেএমইএ'র সহ সভাপতি আবদুর রাশেদ রাজ, কাশেম জামাল, জাহিদুল হক দীপু, পরিচলক মাসুদুজ্জামান, তাপস সাহা, হাসান মাহমুদ, ইমরান ফারুক মঈন প্রমূখ। গত বছর রমজানেও বিকেএমইএ এ ধরনের কার্যক্রম চালিয়েছিল। এ ছাড়া চলতি বছরের মে, জুন মাসে যখন চালের দাম অস্বাভাবিক বেড়ে গিয়েছিল তখন বিকেএমইএ কেজি প্রতি ১০ টাকা ভর্তুকি দিয়ে শ্রমিক মাঝে চাল বিতরণ করেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০১ ঘ.