২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফল বাতিল চেয়ে বরিশালের মেয়র প্রার্থী সান্টুর মামলা

বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনের ফল বাতিল এবং মেয়র হিসেবে বিজয়ী ঘোষণা করার জন্য মামলা করেছেন প্রগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) প্রার্থী এস সরফুদ্দীন আহমেদ সান্টু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2008, 11:34 AM

Updated : 26 Aug 2022, 02:19 PM

বরিশাল, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনের ফল বাতিল এবং মেয়র হিসেবে বিজয়ী ঘোষণা করার জন্য মামলা করেছেন প্রগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) প্রার্থী এস সরফুদ্দীন আহমেদ সান্টু। মঙ্গলবার বরিশালের প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী আদালতে তিনি মামলাটি করেন। বিচারক অহেদুজ্জামান মামলা গ্রহণ করে বুধবার শুনানির দিন ধার্য করেছেন। মামলায় ১৬ জনকে প্রতিপক্ষ করা হয়েছে। এরা হলেন- নবনির্বাচিত মেয়র অ্যাডভোকেট শওকত হোসেন হিরন, অপর প্রার্থী আহসান হাবিব কামাল, এবায়েদুল হক চান, অ্যাডভোকেট মো. এনায়েত পীর খান, আবুল কালাম আজাদ, সৈয়দ আবদুল্লাহ সহিদ, অ্যাডভোকেট কবিরউদ্দিন হান্নু, মো. রফিকুল ইসলাম রাসেল, অ্যাডভোকেট জহিরুল হক, রিটানিং কর্মকর্তা মনিরুল ইসলাম এবং পাঁচ প্রিজাইডিং কর্মকর্তা। দুপুর ১ টার দিকে সান্টু আইনজীবিদের নিয়ে আদালতে আবেদনপত্র দাখিল করেন। আবেদনে বলা হয়, নির্বাচনের ফল ঘোষানায় ইচ্ছাকৃত দেরি এবং নিয়ন্ত্রণকক্ষে ফল পরিবর্তন করা হয়েছে। এই খবর স্যাটেলাইট টিভি প্রচার ও পত্রিকায় প্রকাশও হয়েছে। নির্বাচিত মেয়র নিজেও ফলাফল প্রত্যাখ্যান করে রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করেছেন। এছাড়া সান্টু নির্বাচিত মেয়র হিরনের বিরুদ্ধে দায় দেনার তথ্য গোপনের অভিযোগ এনেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭২৪ ঘ.