ঢাকা, সেপ্টেম্বর ২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সংসদ ভবন এলাকায় বিশেষ কারাগারে বন্দি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য বিশেষ ইফতারির ব্যবস্থা করেছে কারা কর্তৃপক্ষ।
তাদের ইফতারির মেনুতে থাকছে ছোলা বুট, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, মুড়ি, খেজুর, পাকা পেঁপে, আপেল, নাসপাতি, আঙ্গুর, জিলাপি, শরবত, ফিরনি ইত্যাদি।
সোমবার ভোররাতে বিশেষ কারাগারে সেহরি খেয়ে খালেদা জিয়া রোজা রেখেছেন বলে জানিয়েছেন কারা উপ-মহাপরির্দশক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী।
এটি খালেদা জিয়ার কারাগারে দ্বিতীয় বার রোজা পালন। তবে গত রোজায় বিশেষ কারাগারেই কাটিয়েছেন দুই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনা।
সামসুল হায়দার ছিদ্দিকী শুক্রবার দুপুরে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাবেক প্রধানমন্ত্রী রোজা রেখেছেন। তিনি রাতে বিশেষ কারাগারে সরবরাহ করা সেহরিও খেয়েছেন। ভিআইপি বন্দি বলে তাদের জন্য বিশেষ ইফতারির ব্যবস্থা করা হচ্ছে।''
এদিকে বিএনপির অঙ্গসংগঠন মহিলা দল ও জিয়া পরিষদের পক্ষ থেকে দুপুরে বিশেষ কারাগারের সামনে তাদের নেত্রীর জন্য ইফতারিসহ ফলমূল কারা সুপারের কাছে পৌঁছে দেওয়া হয়।
এদিকে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আ স ম হান্নান শাহসহ নেতারা মোহাম্মদপুরে সূচনা কমিউনিটি সেন্টারে ৫ 'শ এতিমকে খালেদা জিয়ার পক্ষ থেকে ইফতারি করানোর ব্যবস্থা নিয়েছেন বলে জানিয়েছেন মহানগর বিএনপি সহসভাপতি আবু সাইদ খান খোকন।
গত ৩ সেপ্টেম্বর সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাসা থেকে খালেদা জিয়াকে তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এলএইচ/জিএনএ/১৪৩৪ ঘ.
bdnews24