২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি মামলায় জামিনে দুদকের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে: হাসান মশহুদ

দুর্নীতিতে অভিযুক্ত ব্যক্তিদের জামিন ও মামলার কার্যাক্রম স্থগিত হয়ে যাওয়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে মন্তব্য করেছেন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2008, 03:24 PM

Updated : 26 Aug 2022, 02:19 PM

ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতিতে অভিযুক্ত ব্যক্তিদের জামিন ও মামলার কার্যাক্রম স্থগিত হয়ে যাওয়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে মন্তব্য করেছেন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী। সোমবার কমিশন কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। হাসান মশহুদ বলেন, "বর্তমানে জনসাধারণের কাছে মনে হচ্ছে, দুর্নীতি বিরোধী কার্যক্রম আগের মতো নেই।" অবশ্য দুর্নীতি মামলাগুলোতে উচ্চ আদালতের চূড়ান্ত রায় হওয়ার আগ পর্যন্ত 'কমিশনের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে'- এমন সিদ্ধান্তে আসাও ঠিক হবে না বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, কেউ কেউ ধারণা করছেন, ঠিকভাবে মামলা সাজানো হয়নি বলেই অভিযুক্তরা জামিন পেয়ে যাচ্ছে। কিন্তু কমিশনের আইনজীবী প্যানেলের সঙ্গে আলোচনা করেই মামলা দায়ের ও অভিযোগপত্র চূড়ান্ত করা হয়। প্রথম থেকেই কমিশন এ পদ্ধতিতে কাজ করে আসছে। সুতরাং একই ভুল বার বার হওয়ার সুযোগ নেই। চেয়ারম্যান জানান, উচ্চ আদালতে অনেক মামলা স্থগিত হয়ে আছে। এগুলোর বিরুদ্ধে আপিল করে সচল করতে সময় লাগবে। কাজেই নির্বাচনের আগে আনেক মামলার চূড়ান্ত নিষ্পত্তি সম্ভব নয়। তবে কমিশন চেষ্টা চালিয়ে যাবে। এক প্রশ্নের জবাবে হাসান মশহুদ জানান, কমিশন এ পর্যন্ত ২০০ মামলায় অভিযোগপত্র দিয়েছে। আইনের ধরন দেখে আইনজীবীদের এসব মামলার দায়িত্ব দেয় হচ্ছে। কমিশন আপাতত 'হাইপ্রোফাইল' মামলাগুলোর দিকে বেশি মনোযোগ দিচ্ছে। এ ব্যাপারে পিপিদের চিঠিও দেয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/এমএইচবি/২১১৬ ঘ.