২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় দুই এলাকাবাসীর সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধশতাধিক

ব্রাহ্মণবাড়িয়ার প্রধান বাজার আনন্দবাজারে সোমবার সকালে দুই এলাকাবাসীর সংঘর্ষে আবারও রণক্ষেত্রে পরিণত হয় শহরের প্রায় অর্ধেক এলাকা। সংঘর্ষ থামাতে পুলিশ আট রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2008, 02:44 PM

Updated : 26 Aug 2022, 02:19 PM

ব্রাহ্মণবাড়িয়া, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়ার প্রধান বাজার আনন্দবাজারে সোমবার সকালে দুই এলাকাবাসীর সংঘর্ষে আবারও রণক্ষেত্রে পরিণত হয় শহরের প্রায় অর্ধেক এলাকা। সংঘর্ষ থামাতে পুলিশ আট রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেছে। সংঘর্ষে একজন পুলিশ সদস্যসহ দুপক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছে। গুরুতর আহত পুলিশ কনষ্টেবল হাবিবুর রহমানকে ভর্তি করা হয়েছে সদর হাসপাতালে। তবে পুলিশের ধর পাকড়ের ভয়ে আহতরা আত্মগোপনে থাকায় তাদের নাম জানা যায়নি। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবীর সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংঘর্ষের ঘটনায় ৪/৫ 'শ অজ্ঞাত লোককে আসামি করে একটি মামলা হয়েছে। তিনি জানান, এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন ২২ জন। এরা হলেন- শেরপুরের ফয়েজ মিয়া (৩২),নরসিংসারের সামছুল হক (৩৫),বিরাসারের ইদ্রিস মিয়া (২৯), ইসরাইল (৩৫), সালেহ আক্তার (১৮), ফুলবাড়িয়ার সামাদ মিয়া (৩০), কান্দিপাড়ার মেহের মিয়া (২৫), বেলাল মিয়া (২৩), হুমায়ুন মিয়া (৩৫), ইয়াছিন (২৮), নাটাইর আবু জামান (৩৫), রাশেদ মিয়া (১৩), খায়ের মিয়া (২৯), আমিন উদ্দ্নি (১৮), রুবেল (২২), শিমরাইল কান্দির শামিম (২০), ছোট হরনের মোবারক (২৫), সুতিয়ারার সৈকত (২৭), সরকারপাড়ার সালেক মিয়া (২৬), টিএ রোডের কৃষ্ণ বনিক (২৯),দত্তখোলার ওসমান গনি (৫৫) ও শামিম মিয়া (৪০)। শনিবার আন্দবাজারে সবজি কেনাকে কেন্দ্র করে কান্দিপাড়া ও বিরাসার এলাকাবাসীর সংঘর্ষের ঘটনায় সকাল ১১টার দিকে আনন্দবাজারে সালিশ বৈঠক শুরু হওয়ার পরপরই দুদলের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় দুই এলাকার সহস্রাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। মুহূর্তের মধ্যে পুরো এলাক রণক্ষেত্রে পরিণত হয়। শহরের অর্ধেক এলাকার দোকানপাট বন্ধ হয়ে যায়। ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাজমুল হাসান জানান, সংঘর্ষ থামাতে পুলিশ আট রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেছে। পুলিশ সুপার (এসপি) আতাউল কিবরিয়া জানান, পরিস্থিতি শান্ত রাখতে শহরে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৫ঘ.