২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে প্রতারণা মামলায় ফ্রিডমের ইসাহাক ও আলী হোসেন সাতদিনের রিমান্ডে

গ্রাহকদের প্রতারণার মামলায় নাটোরের ফ্রিডম উন্নয়ন সংস্থা নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ইসাহাক আলী ও সভাপতি আলী হোসেনকে সোমবার সাতদিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2008, 12:28 PM

Updated : 26 Aug 2022, 02:19 PM

নাটোর, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্রাহকদের প্রতারণার মামলায় নাটোরের ফ্রিডম উন্নয়ন সংস্থা নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ইসাহাক আলী ও সভাপতি আলী হোসেনকে সোমবার সাতদিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে। তাদের দুজনকে দেখানো হয়েছে আরও ১৯টি প্রতারণার মামলায়। শাড়িতে চুমকি বসানোর প্রশিক্ষণ দেওয়াসহ কর্মসংস্থানমূলক আরও কাজের কথা বলে নাটোর ও পাশের কয়েকটি জেলার দেড় লাখের বেশি মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়ে এ বছর ২৮ ফেব্র"য়ারি রাতে ফ্রিডম উন্নয়ন সংস্থার মালিক ও নির্বাহী পরিচালক ইসাহাক আলী গা ঢাকা দিয়েছিলেন। প্রায় একই সময় সংস্থার সভাপতি আলী হোসেনসহ অন্য কর্মকর্তা-কর্মচারিরাও পালিয়ে যান। প্রতারিত সদস্যরা পরের দিন শুক্রবার দিনভর নাটোর সদর উপজেলার নশরতপুর গ্রামে সংগঠনের প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ ও শাখা কার্যালয়গুলোতে ব্যাপক ভাঙচুর করেছিল। সোমবার দুপুরে ফ্রিডম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ইসাহাক আলী ও সভাপতি আলী হোসেনকে মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করে পুলিশ ১০ দিনের রিমান্ড চায়। গত বৃহষ্পতিবার নলডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) বাসুদেব চন্দ্র তদন্তাধীন একটি মামলায় ইসাহাক আলী ও আলী হোসেনের ১০ দিনের এই রিমান্ড আবেদন করেছিলেন। সোমবার শুনানির দিন ধার্য ছিল। আদালত উপ-পরিদর্শক (সিএসআই) আব্দুল্লাহ আল মামুন আদালতকে জানান, ইসাহাক ও আলী হোসেনের বিরুদ্ধে শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এসব টাকার খোঁজ খবর করা দরকার। আসামি পক্ষের আইনজীবী আব্দুল কাদের রিমান্ডের আবেদনের বিরোধিতা করে আদালতকে জানান, আসামিদের বিরুদ্ধে সুনির্দৃষ্ট অভিযোগ থাকার পর রিমান্ডে নেওয়ার কোন যুক্তি নেই। উভয় পক্ষের বক্তব্য শোনার পর ইসাহাক আলী ও আলী হোসেনের সাতদিনের রিমান্ড মুঞ্জুর করেন মুখ্য বিচার বিভাগীয় হাকিম মোহাম্মদ শরীফ উদ্দিন। বিকেলে জিঙ্গাসাবাদের জন্য তাদের নলডাঙ্গা থানায় নিয়ে যাওয়া হয়। দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আগে থেকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশিক সাঈদের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। বিভিন্ন তদন্তকারী কর্মকর্তা গতকাল পর্যন্ত ১৯টি প্রতারণা মামলায় ইসাহাক আলী ও আলী হোসেনকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদনপত্র জমা দেন। হাকিম মোহাম্মদ শরীফ উদ্দিন আবেদন মঞ্জুর করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০৮ ঘ.