২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফিরলেন আব্দুল জলিল

প্যারোলে মুক্ত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল সিঙ্গাপুরে চিকিৎসা শেষে প্রায় ৬ মাস পর রোববার রাতে দেশে ফিরেছেন। রাত ১০টা ৪০ মিনিটে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর জলিল সরাসরি তার গুলশানের বাসায় চলে যান। বিমানবন্দরে তিনি সাংবাদিকদের বলেন, "আমি ভালো আছি। আপনারা দোয়া করবেন যেন পুরোপুরি সুস্থ হয়ে দেশবাসীর সেবা করতে পারি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2008, 05:27 PM

Updated : 26 Aug 2022, 02:18 PM

ঢাকা, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্যারোলে মুক্ত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল সিঙ্গাপুরে চিকিৎসা শেষে প্রায় ৬ মাস পর রোববার রাতে দেশে ফিরেছেন। রাত ১০টা ৪০ মিনিটে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর জলিল সরাসরি তার গুলশানের বাসায় চলে যান। বিমানবন্দরে তিনি সাংবাদিকদের বলেন, "আমি ভালো আছি। আপনারা দোয়া করবেন যেন পুরোপুরি সুস্থ হয়ে দেশবাসীর সেবা করতে পারি।" 'বিদেশে যাওয়ার আগে আপনি বলেছিলেন, আর রাজনীতি করবেন না- এ ব্যাপারে এখন আপনার মনোভাব কী' -এই প্রশ্নের জবাবে তিনি নিশ্চুপ থাকেন। তবে তার স্ত্রী রেহানা জলিল জবাব দেন, "তিনি এখন প্যারোলে রয়েছেন। তাই কোনো রাজনৈতিক বক্তব্য দেবেন না।" আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান, সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশারাফুল ইসলামসহ দলের কেন্দ্রীয় নেতারা বিমানবন্দরে জলিলকে স্বাগত জানান। এ সময় জিল্লুর রহমান বলেন, "নেতা-কর্মীদের মুখে হাসি ফিরেছে। কঠিন পরিস্থিতিতে চিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে হয়েছিল। আমি তার মুক্তি দাবি করছি।" দুর্নীতির অভিযোগে গত বছরের ২৮ মে আব্দুল জলিলকে আটক করে যৌথবাহিনী। সম্পত্তির তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত বছরের ১৮ ডিসেম্বর আব্দুল জলিলের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। গত ২৭ মে এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। আটক অবস্থায় কারাগারে অসুস্থ হয়ে পড়লে সাবেক এ মন্ত্রীকে ২০০৭ সালের ১৫ জুলাই ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। তিনি কিডনি, হৃদরোগ ও চোখের সমস্যায় ভুগছিলেন। অবস্থার আরও অবনতি হলে চলতি বছরের ২ মার্চ তাকে প্যারোলে মুক্তি দেয় সরকার। উন্নত চিকিৎসার জন্য পরদিন জলিলকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেন তিনি। প্রথম দফায় জলিলকে এক মাসের জন্য প্যারোল দেয়া হলেও পরে এর মেয়াদ মোট চার দফা বাড়ানো হয়। সর্বশেষ গত ৭ আগস্ট এক সরকারি আদেশে আব্দুল জলিলের প্যারোলের মেয়াদ ১০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে জানানো হয়, এ মেয়াদ আর বাড়ানো হবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিসি/জেকে/এমএইচবি/২৩৪৭ ঘ.