২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সবক্ষেত্রে ঘুষ দিতে হয়:টিআইবি

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেবা নিতে এসে টিকেট নেওয়া থেকে শুরু করে লিফটম্যান, আয়া নার্সসহ সবক্ষেত্রে ঘুষ দিতে হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2008, 04:22 PM

Updated : 26 Aug 2022, 02:18 PM

রংপুর, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেবা নিতে এসে টিকেট নেওয়া থেকে শুরু করে লিফটম্যান, আয়া নার্সসহ সবক্ষেত্রে ঘুষ দিতে হয়। এছাড়া হাসপাতালের চিকিৎসকররা রোগীদের সঙ্গে আশানুরূপ আচরণ করেন না। তারা হাসপাতালের চাইতে ব্যক্তিগত চেম্বার ও প্রাইভেট ক্লিনিকে যাওয়ার পরামর্শ দেন বেশি। হাসপাতালে রোগী দেখেন গড়ে ৩ মিনিট করে আর তাদের চেম্বারে দেখেন গড়ে ১০ মিনিট করে। রোববার সচেতন নাগরিক কমিটি ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ (টিআইবি) এর এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, বহির্বিভাগে টিকেট কাউন্টারে ৫৪ ভাগ র্গোীকে গড়ে ৫০ টাকা, ভর্তি হতে গড়ে ১০ টাকা, ব্যান্ডেজ করানো বা খোলানো বাবদ গড়ে ২৫ টাকা , ট্রলি ব্যাবহারে ৩৭ টাকা, খাবার গ্রহণে ১০ টাকা, মেডিকেল টেষ্ট করতে ১১ টাকা, রেডিওলজি ও ইমেজিং বিভাগের সেবা নিতে ১৫ টাকা করে, বেডের আশপাশ পরিস্কার করানো বাবদ গড়ে ১৭ টাকা, সন্তান প্রসব করাতে ১৮ টাকা, লিফটে ওঠানামা করতে গড়ে ১৪ টাকা ঘুষ দিতে হয়। হাসপাতালে অন্তর্বিভাগে একই বিছনা চাদর ও বালিশের কভার অনেক দিন ব্যবহার করা হয়। সাধারণ বেডের রোগীদের একই বিছানা চাদর ও বালিশের কভার ব্যাবহারের গড় সময় ৫দিন। জরিপ পরিচালনার সময় প্রায় অর্ধেক রোগীর বিছানার চাদর নোংরা পাওয়া গেছে। এ ছাড়া রোগীদের বেডের নীচে গামলার ময়লাও পরিস্কার করা হয়না। হাসপাতালে মশার উৎপাত থাকলেও তা দমনে কর্তৃপক্ষ কোন ব্যাবস্থা গ্রহন করে না। শতকরা ৮৫ ভাগ রোগী এই অভিযোগ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। অর্ধেক রোগী হাসপাতাল থেকে কোন ঔষধ পান না। চিকিৎসকরা নির্দিষ্ট দোকান বা ফার্মেসি থেকে ঔষধ কিনতে বলেন এবং হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে ঔষধ চুরি যায়। প্রতিবেদনে বলা হয়, হাসপাতালের প্রায় অর্ধেক রোগী খাবার পান না। ৪২ ভাগ রোগী বলেছেন তারা দিনে একবারও খাবার পান না। শতকরা ৯১ ভাগ রোগী অভিযোগ করেছেন- গ্লাভস না পরে খালি হাতে চামচ কিংবা বাটি দিয়ে খাবার পরিবেশন করা হয়। রাতের খাবার রান্না হয় বিকেলে এবং পরিবেশন করা হয় সন্ধার মধ্যে। এই খাবার আর খাওয়ার উপযোগী থাকে না বলে রোগীরা অভিযোগ করেছেন। এ ছাড়াও হাসপাতালে রয়েছে খাবার পানির তীব্র সংকট। রোগীদের জন্য বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা হিসেবে হাসপাতালের নীচে চারটি নলকুপ রয়েছে যার একটি অকেজো। এত অল্প সংখ্যক নলকুপ থাকার কারণে রোগীরা বিশুদ্ধ খাবার পানি পায় না। টিআইবি চলতি বছর জানুযারি থেকে জুলাই পর্যন্ত রোগী, চিকিৎসকসহ সংশ্লিষ্ট প্রায় এক হাজার জনের ওপর জরিপ চালিয়ে প্রতিবেদনটি তৈরি করেছে। জরিপে বর্হিবিভাগের ৪০ ভাগ রোগী এবং অন্তর্বিভাগের ৪৪ ভাগ রোগী অভিযোগ করেছেন- যে হাসপাতালের অভ্যন্তরে বিশুদ্ধ খাবার পানির সরবরাহ না থাকায় তারা হাসপাতাল থেকে প্রয়োজনের সময় পানি সংগ্রহ করতে পারেনি। হাসপাতালের বাথরুম নিয়মিত পরিষ্কার করা হয়না। কিছু কিছু বাথরুমে রাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই। সিটকিনি নেই, বদনার ব্যবস্থা নেই, পানি নেই, বাথরুমের মেঝেতে শ্যাওলা পড়ার কারণে পিচ্ছিল হয়ে অবস্থা এমন হয়েছে যে সেখানে রোগীরা যেতেই পারেন না। অধিকাংশ সেবা গ্রহীতা হাসপাতালে অবস্থিত তথ্য ও অনুসন্ধান কেন্দ্র সম্পর্কে জানেন না । ৮৯ ভাগ রোগী বলেছেন তারা হাসপাতালের সেবার কার্যক্রম সম্পর্কে জানে না । ৯২ ভাগ রোগী জানে না যে তথ্য ও অনুসন্ধান কেন্দ্র কী এবং সেখানে কী ধরনের সেবা পাওয়া যায়। এই বিভাগে স্থায়ী ও অভিজ্ঞ চিকিৎসক না থাকায় জরুরি মুহূর্তে কর্তব্যরত চিকিৎসকরা তাদের সহযোগিতা নিতে পারে না। হাসপাতালে রাতে প্রয়োজনের সময় চিকিৎসক পাওয়া যায় না। যেসব সেবা গ্রহীতার রাতে চিকিৎসক প্রয়োজন হয়েছিলো তাদের মধ্যে শতকরা ৮০ ভাগ সেবা গ্রহীতা অভিযোগ করেছেন যে তারা চিকিৎসক পাননি। সচেতন নাগরিক কমিটি ও টিআইবি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে তার সমাধান ও দূর্নীতি দুর করতে সুপারিশ করেছে। শহরের পুলিশ হলে সচেতন নাগিরিক কমিটির রংপুর জেলা সভাপতি সদরুল আলম দুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- রংপুর মেডিকেল কলেজের উপ পরিচালক ডা. শাহাজাহান, সাপ্তাহিক অটল সম্পাদক মুকুল মোস্তাফিজ, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম গোলাপ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪১ ঘ.