ঢাকা, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি অবস্থায় জাতীয় নির্বাচন হলে পর্যবেক্ষক পাঠানোর ব্যাপারে আলোচনা করতে ইউরোপীয় কমিশনের এক শীর্ষ কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী।
আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে ইউরোপীয় কমিশনের পররাষ্ট্র বিষয়ক কমিশনার বেনিটা ফেরেরো-ওয়াল্ডনারের সঙ্গে বৈঠক করবেন তিনি।
ঢাকায় ইউরোপীয় কমিশনের (ইসি) প্রতিনিধিদলের প্রধান স্টেফান ফ্রোয়েনের সঙ্গে রোববার এক বৈঠকের পর পররাষ্ট্র উপদেষ্টা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।
ফ্রোয়েন সাংবাদিকদের বলেন, "২২ সেপ্টেম্বরের আলোচনা হবে খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষক পাঠানো হবে কি না সে বিষয়ে সেখানেই সিদ্ধান্ত হবে।"
তিনি জানান, জরুরি অবস্থার মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন সাধারণত পর্যবেক্ষক পাঠায় না।
অবশ্য ফ্রোয়েনকে উদ্ধৃত করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, "যেহেতু বাংলাদেশের পরিস্থিতি অনেকটাই আলাদা, তাই আগামী সেপ্টেম্বরের মধ্যে এ বিষয়ে একটি সিদ্ধান্ত নেওয়া হবে।"
ফ্রোয়েন সাংবাদিকদের বলেন, "জরুরি অবস্থা নয়, ভোটাররা কোনো প্রকার ভয়ভীতি বা হুমকি ছাড়া ভোট দিতে পারছেন কি না সেটাই গুরুত্বপূর্ণ বিষয়।"
ইফতেখার আহমদ বলেন, আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারের প্রস্তুতির বিষয়ে ইইউ সন্তুষ্ট।
গত পাঁচ দিনে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এটি ছিল ফ্রোয়েনের দ্বিতীয় বৈঠক। এর আগে গত বুধবার ইফতেখার আহমদের সঙ্গে সাক্ষাৎ করেন ইইউ কূটনীতিকরা।
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি মূল্যায়নের জন্য গত ১৫ জুন ইসি একটি 'পরীক্ষামূলক মিশন' পাঠায়। এ দলের সদস্যরা সরকার, নির্বাচন কমিশনার, সাংবাদিক, বেসরকারি উন্নয়ন সংস্থা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে এবং গত জুলাইয়ে ইসির পররাষ্ট্র বিষয়ক কমিশনারের কাছে এ বিষয়ে প্রতিবেদন দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এফএফ/জেকে/এসকে/১৯২৬ঘ.
bdnews24