ঢাকা , আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও প্রবল বৃষ্টিতে যমুনা ও তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে সিরাজগঞ্জ, নীলফামারী, লালমনিরহাট ও রংপুরের বিস্তীর্ণ নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ।
সিরাজগঞ্জে জেলা প্রশাসনকে চিঠি দিয়ে ৩০টি গ্রামের লোকজনকে সরিয়ে নিতে বলেছে পানি উন্নয়ন বোর্ড। নীলফামারীতে তিস্তার বাম তীরে বাঁধের প্রায় ৫শ' ফুট এলাকা ধসে গেছে।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
সিরাজগঞ্জ:
প্রবল বৃষ্টিতে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে সদর উপজেলার ৩০ থেকে ৩৫টি গ্রামে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
সন্ধ্যার পর সদর উপজেলার গুনেরগাঁতী গ্রামের রাস্তা ভেঙে যমুনা নদীর পানি লোকালয়ে ঢুকে পড়ে। আশেপাশের গ্রামগুলোতেও পানি বাড়ছে।
জেলা পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ১৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
বোর্ডের উত্তর পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী শেখ আব্দুল মোমিন বলেন, "ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সংলগ্ন সিরাজগঞ্জ সদর উপজেলার ৩০টির বেশি গ্রামের মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া প্রয়োজন। এ জন্য জেলা প্রশাসনকে চিঠি দেয়া হয়েছে।"
সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আশরাফ আলী বলেন, "স্থানীয় স্কুল কলেজে পরীক্ষা চলছে। তাই দুর্গতদের স্থানান্তর করা যাচ্ছে না। আমরা রোববার বৈঠক করে এ বিষয়ে পদক্ষেপ নেব।"
রংপুর:
তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় রংপুরের গঙ্গাচড়া উপজেলার ৬টি ইউনিয়নের ১৬টি গ্রাম তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ১৫ হাজার মানুষ।
পানির প্রবল স্রোতে শত শত ঘরবাড়ি ভেসে গেছে। তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর জমির ফসল।
শনিবার দুপুরে গঙ্গাচড়ার লক্ষ্মীটারী ইউনিয়নের মহিপুর, গান্নারপাড় এলাকায় গিয়ে দেখা যায়, সেখানকার বাড়িঘর ২ থেকে ৩ ফুট পানিতে তলিয়ে গেছে। স্থানীয়রা পানি উন্নয়ন বোর্ডের বাঁধে আশ্রয় নিয়েছে।
লক্ষ্মীটারী ইউনিয়নের চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বাবু বলেন, যেভাবে পানি বাড়ছে তাতে আরো নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
নোহালী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাদের জানান, চরাঞ্চলে বসবাসরত কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। তাদের উদ্ধার করা জরুরি।
গঙ্গাচড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নছর মো. আব্দুল্লাহ বলেন, চরাঞ্চলের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির জন্য স্থানীয় চেয়ারম্যানদের নির্দেশ দেয়া হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের রংপুর সার্কেলের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় গঙ্গাচড়া পয়েন্টে তিস্তার পানি বিপদ সীমার ২৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
নীলফামারী:
পাহাড়ী ঢল ও প্রবল বৃষ্টিতে তিস্তা নদীর পানি ফুঁসে ওঠায় বামতীরের বাঁধের প্রায় ৫শ' ফুট এলাকা ধসে গেছে। প্লাবিত হয়েছে দুই তীরের বিস্তীর্ণ অঞ্চল।
তিস্তার পানি লোকালয়ে ঢুকে পড়ায় তিস্তার বাম তীর সংলগ্ন লালমনিরহাট জেলার গুড্ডিমারী, সিঙ্গিমারী, সিংন্দুরপুর ও পাটিপাট ইউনিয়নের কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ডান তীর বাঁধ সংলগ্ন ডিমলা, জলডুবি ও ডোমার উপজেলার নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে।
এ সব এলাকার লোকজন ঘরবাড়ি ফেলে উঁচু যায়গায় আশ্রয় নিয়েছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে নদীর পানি বাড়তে শুরু করে। শনিবার দুপুর পর্যন্ত তিন্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপদসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে বইছিল। পানির চাপ সামলাতে তিস্তা ব্যারেজের সব ক'টি (৪৪) গেট খুলে দেয়া হয়েছে।
এদিকে শুক্রবার রাতে পানির চাপে লালমনিরহাট জেলার গুড্ডিমারী ইউনিয়নের তিস্তা বামতীর সংলগ্ন দোয়ানী গ্রামে প্রায় ৫শ' ফুট এলাকার বাঁধ ধসে যায়। কর্তৃপক্ষ বালির বস্তা ও বাঁশের পাইলিং ফেলে ভাঙ্গন ঠেকানোর চেষ্টা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২৩৩০ ঘ.
bdnews24