ঢাকা, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচারপতি ফজলুল হকের কাছ থেকে প্রতারণা করে টাকা আদায়ের অভিযোগে গ্রেপ্তার তিনজনকে পুলিশ তিন দিনের রিমান্ডে নিয়েছে।
শনিবার বিকালে ধানমন্ডি থানা পুলিশ তাদের ঢাকা মূখ্য মহানগর হাকিম এম ই ইসলাম হোসেনের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাইলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।
এ ব্যাপারে দায়ের করা মামলার অভিযোগে বলা হয়েছে, সাবেক উপদেষ্টা বিচারপতি ফজলুল হকের নাম দুর্নীতি দমন কমিশনের তালিকা থেকে বাদ দেওয়ার আশ্বাস দিয়ে 'প্রতারক চক্রটি' তার ঘনিষ্ঠজনের কাছ প্রায় ৩০ লাখ টাকা নেয়।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আমিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত থাকলে তাদের চিহ্নিত করা ও ঘটনার পেছনের কারণ বের করার জন্য গ্রেপ্তারকৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছিল।
তিনি জানান, ফজলুল হকের ছেলে ডা. আফজাল হোসেনের পরিচালিত এনজিও জেএফএফ এর কর্মকর্তা মামলার বাদী খন্দকার তৌফিক আলম অভিযোগ করেছেন প্রতারক চক্র তার কাছ থেকে ২৯ লাখ ৫০ হাজার টাকা নিয়েছে। তবে গ্রেপ্তারকৃতরা ২৪ লাখ ৫০ হাজার টাকা নেওয়ার দাবি করছে। আফজাল হোসেন তার প্রতিষ্ঠানের কর্মকর্তা তৌফিক আলমের মাধ্যমে বাবার পক্ষে ওই টাকা দেন বলে পুলিশ ও বাদী উভয়েই জানিয়েছেন।
উপ পরিদর্শক জানান, গ্রেপ্তারকৃতরা টাকা নেওয়ার কথা স্বীকার করেছে বলে ধারণা করা হচ্ছে, এধরণের প্রলোভন দেখিয়ে আরও কারো কাছ থেকে তারা টাকা নিয়ে থাকতে পারে।
গোয়েন্দা পুলিশ (ডিবি) শুক্রবার উল্লিখিত অভিযোগে বাংলাদেশ টেলিভিশনের সাংবাদিক নুরুজ্জামান ইকবাল,ফাউন্ডেশন ফর অ্যাডভান্স স্ট্যাডিজ অ্যান্ড রিসার্চ কনসালটেন্সি নামের প্রতিষ্ঠানের চেয়ারম্যান কথিত প্রকৌশলী অমলেন্দু দাস এবং জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক ভ্যাট পরিদর্শক গোলাম আম্বিয়াকে শুক্রবার গ্রেপ্তার করে।
এর মধ্যে গোলাম আম্বিয়া বিচারপতি ফজলুল হকের এলাকার মানুষ বলে উল্লেখ করেছে পুলিশ।
বিটিভির কর্মী নূরুজ্জামান ইকবাল একসময় পুলিশের কনস্টেবল ছিলেন। তিনি এবং সাবেক এনবিআর কর্মকর্তা গোলাম আম্বিয়া কয়েক বছর আগে চাকুরি থেকে বরখাস্ত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/২২৩১ঘ.
bdnews24