ঢাকা, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বার্ড ফ্লু মোকাবেলায় কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)।
সংস্থার এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান হে চেং চুই শুক্রবার অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলামের সঙ্গে দেখা করে এ আশ্বাস দেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এফএও কৃষি শুমারি সফল করতেও সহায়তার আশ্বাস দিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিকল্পনা মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে এফএও কর্মকর্তার বৈঠকে বাংলাদেশে খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।
উপদেষ্টা খাদ্য নিরাপত্তায় বাংলাদেশের গৃহীত পদক্ষেপ, বার্ডস ফ্লু'র প্রভাব ও চলমান কৃষি শুমারি বিষয়ে চেং চুইকে জানান।
চেং চুই জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের তহবিল গঠন, খাদ্য নিরাপত্তাসহ দরিদ্র মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধির জন্য গৃহীত পদক্ষেপ এবং কৃষিক্ষেত্রে গবেষণার জন্য এনডাউমেন্ট ফান্ড গঠনের প্রশংসা করেন।
তিনি আশা প্রকাশ করেন, আগামীতে বাংলাদেশের সঙ্গে এফএও-এর সম্পর্ক আরও নিবিড় হবে।
এফএও-এর বাংলাদেশ প্রতিনিধি অ্যাড স্পাইকারসও বৈঠকে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫৫২ ঘ.
bdnews24