ঢাকা, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী বৃহস্পতিবার দিল্লীতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জির সঙ্গে বৈঠক করেছেন।
বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা।
বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল এন্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) এর দশম মন্ত্রিপর্যায়ের বৈঠকে অংশ নিতে উপদেষ্টা দিল্লীতে অবস্থান করছেন।
বৃহস্পতিবার রাতে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "রাজনৈতিক, অর্থনৈতিকসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। বিমসটেককে আরো কার্যকর সংস্থায় পরিণত করে সার্ক ও আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে কীভাবে একটি সেতুবন্ধ তৈরি করা যায়, সে বিষয়েও আমরা আলোচনা করেছি।"
পররাষ্ট্র উপদেষ্টা বিকেলে দিল্লী পৌঁছান এবং বিমসটেক মন্ত্রিপর্যায়ের বৈঠকে যোগ দেন। থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী তেজ বুন্নাংয়ের সঙ্গেও আলাদাভাবে বৈঠক করেন তিনি।
শুক্রবার তার দেশে ফেরার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/জেকে/এমএইচবি/২২৪৩ ঘ.
bdnews24