ঢাকা, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে প্রতি বছর যত বিয়ে হয় তার ৬৮ দশমিক ৭ ভাগ ক্ষেত্রে পাত্র বা পাত্রীর বয়স থাকে ১৮ বছরের কম। বাল্যবিবাহের ওপর পরিচালিত এক গবেষণার পর এমন তথ্যই প্রকাশ করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব থিয়েটার আর্টস (বিটা)।
'বাল্যবিবাহ: প্রতিকার ও করণীয়' শীর্ষক এক গবেষণাপত্রে বিটা বলেছে, বাল্যবিবাহের উচ্চহারের দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয়।
বৃহস্পতিবার রাজধানীর বিয়াম মিলনায়তনের প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এ উপলক্ষে বেসরকারী উন্নয়ন সংস্থা অ্যাকশন এইড বাংলাদেশ ও সাপ্তাহিক ২০০০ একটি গোলটেবিল বৈঠকেরও আয়োজন করে।
এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাকশন এইডের এস এম হুমাযুন কবীর।
তিনি বলেন, বাংলাদেশে বাল্যবিবাহের ক্ষেত্রে ৬৫ ভাগ বিয়ে হয় পাত্র-পাত্রীর মতামত ছাড়া। অধিকাংশ বিয়েই হয় অসম বয়সের পাত্র-পাত্রীর মধ্যে। কিন্তু বাল্যবিবাহ হয়েছে এমন ব্যক্তিদের ৬৫ ভাগ মনে করেন, দেরিতে বিয়ে হলেই তাদের জন্য ভালো হতো।
হুমাযুন কবীর বাল্যবিবাহের মূূল কারণ হিসেবে পুরনো ধ্যান-ধারণা, দারিদ্র্য, শিক্ষা ও আর্থিক সঙ্গতির অভাব, কিশোর বয়সের প্রেম, সামাজিক চাপ ও সামাজিক নিরাপত্তার অভাব এবং বিবাহ আইনের বাস্তবায়ন না হওয়ার কথা উল্লেখ করে।
বাল্যবিবাহের কারণে পারিবারিক নির্যাতন, স্বাস্থ্য (বিশেষ করে মা ও শিশুস্বাস্থ্য) জটিলতা ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা বেড়ে যায় বলে জানান তিনি।
গবেষণাপত্রে বলা হয়, বাল্যবিবাহের উচ্চহারের সঙ্গে দারিদ্র্যের একটি গভীর সম্পর্ক রয়েছে। দরিদ্র পরিবার ও এলাকাগুলোতে বাল্যবিবাহের হার অনেক বেশি।
জাতীয় মানবাধিকার বাস্তবায়ন সংস্থার নির্বাহী পরিচালক অ্যাডভোকেট এলিনা খান বলেন, "আমাদের নারী ও শিশু নির্যাতন দমন আইনে বড় ধরনের অসঙ্গতি রয়েছে। তাছাড়া বাল্যবিবাহ বন্ধ করতে আদালতে যেতে হয় বলে সবসময় তা রোধ করা সম্ভব হচ্ছে না।"
তিনি আইনটি সংশোধনের দাবি জানান।
আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক দীপু মনি বলেন, "আমাদের সংবিধানের শুরুতেই মানবসত্তার বিকাশ ও নিরাপত্তা নিয়ে অনেক কিছু বলা হলেও বাল্যবিবাহের মাধ্যমে তার প্রায় পুরোটাই লঙ্ঘিত হচ্ছে।"
জাতীয় মহিলা পরিষদের আয়েশা খানম বলেন, "আমাদের সমাজে বিয়েকে সামাজিক নিরাপত্তার একটি উপায় হিসেবে বিবেচনা করা হয়। এ কারণে সামাজিকভাবে বাল্যবিবাহ বিরোধী মনোভাব তৈরি হয়নি।"
অন্যান্যের মধ্যে অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির ও বিভিন্ন বেসরকারি সংগঠনের কর্মীরা এ গোলটেবিল বৈঠকে অংশ নেন। এতে সঞ্চালক হিসেবে ছিলেন সাপ্তাহিক ২০০০ এর ভারপ্রাপ্ত সম্পাদক মঈনুল আহসান সাবের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/জেকে/এমএইচবি/২২১৬ ঘ.
bdnews24